জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

দুই পক্ষের সংঘর্ষ চলাকালের একটি দৃশ্য। আজ বুধবার দুপুরে উপজেলার বিলাশপুর ইউনিয়নে
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার বিলাশপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি, বুধাইর হাট ও মহড় খাঁর কান্দি এলাকায় কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। তবে আহত সবাইকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাশপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আজ দুপুরে বিলাশপুর ইউনিয়নের তিনটি স্থানে বর্তমান চেয়ারম্যান আবদুল কুদ্দুস ব্যাপারী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জলিল মাদবরের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ।

বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস ব্যাপারি বলেন, ‘জলিল মাদবরের লোকজন আমার লোকজনের ওপর হামলা করেছে। আমার সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়েছে।’

এ বিষয়ে জলিল মাদবর বলেন, ‘নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই কুদ্দুস ব্যাপারীর লোকজন আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালাচ্ছেন। তিনি পুরো এলাকার নিয়ন্ত্রণ নিতে এমন করছেন।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২২টি ফাঁকা গুলি ও ৭টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।