পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সিলেটে উদ্বেগ, ‘অপ্রীতিকর ঘটনা’ এড়াতে চায় আ.লীগ-বিএনপি

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশের সব প্রস্তুতি শেষ হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ১টায়
ছবি : প্রথম আলো

সিলেট নগরে এক ঘণ্টার ব্যবধানে আজ শনিবার আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি পালন করবে। এরই মধ্যে দল দুটি সব ধরনের প্রস্তুতি গুছিয়ে এনেছে। সমাবেশে যোগ দিতে উভয় দলের কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন। তবে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে জনমনে আতঙ্ক ও উদ্বেগ থাকলেও দুটো দলই অপ্রীতিকর ঘটনা এড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে চায়।

খোঁজ নিয়ে জানা গেছে, দুটো দলের সমাবেশস্থলের দূরত্ব প্রায় সোয়া এক কিলোমিটার। বেলা দুইটায় নগরের রেজিস্ট্রারি মাঠে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ করবে জেলা ও মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সকাল সাড়ে নয়টার দিকে সিলেটে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

সিলেটে আওয়ামী লীগ শান্তি সমাবেশের মঞ্চ প্রস্তুত হয়েছে। চলছে মাইক টানানোর কাজ। আজ শনিবার বেলা ১টায়

এদিকে বেলা ৩টায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সমাবেশ সফলে বিএনপির সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা এটাকে থ্রেট (হুমকি) মনে করি না। কারণ, সিলেট নগর শান্তির নগর। এখানে প্রত্যেকে প্রত্যেকের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালন করে থাকে। আমরা নেতা-কর্মীদের নিয়ে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অহিংস কর্মসূচি পালন করব।’

আবদুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, বিভাগের চার জেলা থেকেই নেতা-কর্মীরা আসবেন। সব পর্যায়ের নেতা-কর্মীদের বলা হয়েছে, তাঁদের সুবিধামতো স্থানে জড়ো হয়ে মিছিল নিয়ে মাঠে আসার জন্য। এখানে বিএনপি কারও প্রতিপক্ষ নয়। অন্য রাজনৈতিক দল তার কর্মসূচি দিয়েছে, ভিন্ন জায়গায় তারা সেটা পালনও করবে। তবে কর্মসূচি বানচাল করার জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, তবে তা প্রতিহত করার জন্য সিলেটবাসীকে সঙ্গে নিয়ে তাঁরা প্রস্তুত আছেন।

এদিকে আওয়ামী লীগও শান্তি সমাবেশ সফলে সবধরনের প্রস্তুতি গুছিয়ে এনেছে বলে জানিয়েছে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে। নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ করছি। সিলেটে যেন সৌহার্দ্যের রাজনীতি বজায় থাকে, সে জন্য আমরা রেজিস্টারি মাঠের ভেন্যু পরিবর্তন করে শহীদ মিনারে সমাবেশ আয়োজন করেছি। আওয়ামী লীগ এখানে উদারতা দেখিয়েছে, আওয়ামী লীগ সংঘাতের রাজনীতিকে পছন্দ করে না।’

মো. জাকির হোসেন আরও বলেন, সারা দেশে বিএনপি-জামায়াত যে অপরাজনীতি করছে, এর বিপরীতে আওয়ামী লীগের সুস্থধারার রাজনীতি অব্যাহত থাকবে। তবে মনে রাখতে হবে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে সব সময় প্রস্তুত থাকে।

এদিকে আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস। তিনি প্রথম আলোকে বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর অবস্থা ঠেকাতে টহল পুলিশের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।