ছাত্রলীগের দুই নেতার ওপর হামলার মামলায় বিএনপির ৪০ নেতা–কর্মী কারাগারে

কারাগার
প্রতীকী ছবি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪০ নেতা-কর্মীকে আজ বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁরা সবাই সাবেক ছাত্রলীগ নেতা মো. নাছির ও মো. পিয়াসের ওপর হামলার মামলার আসামি।

মামলা সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগদা শিমলা ইউনিয়ন বিএনপি একটি মিছিল বের করে। মিছিলটি পাগলা বাজার এলাকায় পৌঁছালে সেখানে নগদা শিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাছির ও হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. পিয়াসের ওপর হামলা ঘটনা ঘটে। এতে তাঁরা দুজন আহত হন। এ সময় তাঁদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

ঘটনার পরদিন নাছির উদ্দিন বাদী হয়ে গোপালপুর থানায় মামলা করেন। মামলায় ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৬১ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৪০-৫০ জনকে।

আসামিপক্ষের আইনজীবী ওমরাও খান দিপু জানান, মামলার আসামিরা গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন। চার সপ্তাহ পর তাঁদের নিম্ন আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। আজ ৪০ জন টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসাদুজ্জামান নূর আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রয়েছেন নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসলু মিয়া, সহসভাপতি মহর আলী, যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক আবদুল আজিজ, সদস্য মেছের আলী, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, আরশেদ আলী, জাফর আলী, রফিকুল ইসলাম, বাবুল ফকির, সোহরাব হোসেন। ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল মজিদ। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক লাবু মিয়া। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোয়াজ আলী, সাধারণ সম্পাদক খালেক খাঁ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এখলাছুর রহমান। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ, প্রচার সম্পাদক মোজাম্মেল ফকির।

আরও যাঁরা আছেন, তাঁরা হলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল ইসলাম, সদস্যসচিব হারুন অর রশিদ ও সদস্য লাভলু মিয়া, মনি। ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আইয়ুব খান। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম খান, যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ। ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন। ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রবিউল, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্বাস আলী। ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মফিজুল হক, ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সোনা মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আয়নাল মিয়া ও শ্রমিকনেতা শেখ ফরিদ। ২ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি কামাল হোসেন ও উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক বাদল মিয়া।

নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনসার আলী ওরফে সাগর বলেন, ছাত্রলীগের সাবেক দুই নেতার ওপর হামলার ঘটনায় বিএনপি বা এর সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী জড়িত নন। ষড়যন্ত্রমূলকভাবে তাঁদের মামলায় জড়ানো হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, একতরফা নির্বাচন করার জন্য আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে। তার অংশ হিসেবে গোপালপুরের বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল বলেন, হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগের সাবেক নেতা মো. নাছির ও পিয়াসের ওপর বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়েছিল। তাঁরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন। এখনো বাসায় থেকে তাঁদের চিকিৎসা নিতে হচ্ছে।