সকাল আটটার মধ্যেই মৌলভীবাজার সরকারি কলেজের অডিটরিয়াম প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে শিক্ষার্থীদের পদচারণে। উপস্থিত শিক্ষার্থীরা সবাই এবারের এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
মৌলভীবাজার জেলা থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য আজ বুধবার এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সারা দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় পর্যায়ক্রমে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই আট শতাধিক নিবন্ধিত শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সনদপত্র। এরপর অডিটরিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ মৌলভীবাজার শাখার শিল্পীরা। আবৃত্তিশিল্পী তাওফিকা মুজাহিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মৌলভীবাজারের নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক কথা বলার জন্য উপস্থিত হয়েছেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ, প্রাবন্ধিক ও সাহিত্যের ছোট কাগজ ফসল–এর সম্পাদক মোহাম্মদ আবদুল খালিক, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান ও প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক রাশেদুল আলম। এ ছাড়া আয়োজনে আরও থাকছে আবৃত্তি সংগঠন উচ্চারণের শিল্পীদের একক ও সমবেত কণ্ঠে আবৃত্তি পরিবেশনা।
মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে আসা কৃতী শিক্ষার্থী সৌমিক নন্দী বলে, ‘এ আয়োজনে এসে খুব ভালো লাগছে। বিশেষ করে অনেক বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে। তাই আমাদের আনন্দ অনেক বেড়ে গেছে।’
শ্রীমঙ্গল উপজেলা থেকে আসা তাহমিনা আক্তার মেঘলা বলে, ‘আমাদের সবাইকে যেভাবে সম্মান দেওয়া হচ্ছে, সেটা অকল্পনীয়। বেশ ভালো লাগছে এই আয়োজনের অংশীদার হতে পেরে। এখানে এসে অনেকের সঙ্গে বড় পরিসরে মেশার সুযোগ হয়েছে।’
সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য আছে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স ও ফ্রেশের পক্ষ থেকে স্ন্যাকস বক্স।