সাবিনা সিদ্দিকা
সাবিনা সিদ্দিকা

সাভারের শিক্ষাপ্রতিষ্ঠান

সভাপতি পদে থাকতে পারছেন না এমপিপত্নী

ঢাকার সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের পরিচালনা পর্ষদে পরিবর্তন–সংক্রান্ত নির্দেশনা আপাতত স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগের সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থানীয় সংসদ সদস্য (এমপি) দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের স্ত্রী সাবিনা সিদ্দিকাকে কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি করা হয়েছিল।

এ নিয়ে আজ মঙ্গলবার সকালে প্রথম আলো অনলাইন ও পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বিএনপির সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনকে গত ৯ জুলাই সাভারের গাজিরচট আকবর মন্ডল উচ্চবিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির (অস্থায়ী পরিচালনা কমিটি) সভাপতি করা হয়। যদিও উচ্চ আদালতের রায় অনুযায়ী, সংসদ সদস্যরা পদাধিকারবলে কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে পারেন না।

এই সংসদ সদস্যের ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিনকেও গত জুন মাসে সাভারের শিমুলিয়া শ্যামা প্রসাদ স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হয়।

সংসদ সদস্যের স্ত্রী সাবিনা সিদ্দিকাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আদেশের মাধ্যমে কলেজের পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছিল, সে সংক্রান্ত নির্দেশনা আজ দুপুরে স্থগিত করার বিষয়টি জানা যায়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন–সংক্রান্ত গত ২৩ জুলাইয়ের স্মারকপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নির্দেশনা মোতাবেক আপাতত স্থগিত করা হলো।

এ বিষয়ে আজ বিকেলে নাজিম উদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তিনি বলেন, বিষয়টি দুপুরের দিকে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই গত ২৩ জুলাই মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি পদে পরিবর্তন আনা হয়। তখন সভাপতির দায়িত্বে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শিহাব উদ্দিন খান।  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৪ এপ্রিল শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছিল। সেই হিসাবে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের ২৪ এপ্রিল।

মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই সভপতির পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে সাভারের সংসদ সদস্যের হস্তক্ষেপ ও স্বজনপ্রীতির অভিযোগ এনেছিলেন শিহাব উদ্দিন খান।

আগের নির্দেশনা স্থগিত হওয়ার বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ই-মেইলের মাধ্যমে জেনেছেন মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম এ জামান।

হাইকোর্টের আদেশ

মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির (পরিচালনা পর্ষদ বা কমিটি) সভাপতি শিহাব উদ্দিন খানের স্থলে সাবিনা সিদ্দিকাকে এবং বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক ফকির রফিকুল আলমের স্থলে শিরিন আফরোজকে গত ২৩ জুলাই মনোনয়ন দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়।

এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে শিহাব উদ্দিন খান গত সপ্তাহে হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

সভাপতি ও একজন সদস্যের মনোনয়ন পরিবর্তন করা–সংক্রান্ত ২৩ জুলাইয়ের আদেশের কার্যকারিতা হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত করেছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন রিটকারীর আইনজীবী নূর উল মতিন। আজ মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ জুলাইয়ের আদেশ স্থগিত হওয়ায় শিহাব উদ্দিন খান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে বাধা নেই।