নেত্রকোনা

নির্দিষ্ট সময়ে ৫ শতাংশ ধানও কেনা হয়নি

জেলার ১৪টি খাদ্যগুদামে ২৪ হাজার ৪৮৪ মেট্রিক টন ধান ও ৫৬ হাজার ২২ দশমিক ৯০০ মেট্রিক টন চাল সরকারিভাবে ক্রয় করার কথা ছিল।

নেত্রকোনায় কৃষকের কাছ থেকে সরকারিভাবে গত ২৮ এপ্রিল থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়। এ অভিযান শেষ হয় গত বুধবার। কিন্তু এ চার মাসে লক্ষ্যমাত্রার ৫ শতাংশ ধানও সংগ্রহ করতে পারেনি খাদ্যগুদাম কর্তৃপক্ষ।

স্থানীয় কৃষক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১ লাখ ৮৪ হাজার ৮২৮ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। ধান উৎপাদন হয় ১১ লাখ ৬৭ হাজার ৭৩০ মেট্রিক টন। ১০ উপজেলায় ১৪টি খাদ্যগুদামে ২৪ হাজার ৪৮৪ মেট্রিক টন ধান ও ৫৬ হাজার ২২ দশমিক ৯০০ মেট্রিক টন চাল সরকারিভাবে ক্রয় করার কথা ছিল। কিন্তু নির্ধারিত (গত ২৮ এপ্রিল থেকে গত ৩১ আগস্ট) সময়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে খাদ্য বিভাগ ব্যর্থ হয়েছে। তারা মাত্র ১ হাজার ১৭৬ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। চাল সংগ্রহ হয় ৪৩ হাজার ৬৪৩ মেট্রিক টন।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় বাজারে বর্তমানে বোরো ধান প্রতি কেজি ২৮ টাকা ২৫ থেকে ৭৫ পয়সায় বিক্রি হচ্ছে। এর দুই মাস আগে বাজারে ধানের দাম ছিল প্রতি মণ ৮৫০ থেকে ৮৭০ টাকা পর্যন্ত।

কয়েকজন কৃষক জানান, যাঁরা গুদামে ধান বিক্রি করেন, প্রথমে অ্যাপের মাধ্যমে তাঁদের নাম নিবন্ধন করতে হয়। এ কাজ করতে অধিকাংশ কৃষকই অপারদর্শী। কৃষকদের অভিযোগ, খাদ্য বিভাগ তাদের খেয়ালখুশিমতো ধান সংগ্রহের কাজটি করে থাকে। সংগ্রহের আগে প্রচার–প্রচারণার কথা থাকলেও তারা উদাসীন। অ্যাপের কাজ সম্পন্নের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লটারির মাধ্যমে নিবন্ধিত কৃষকদের নির্বাচিত করা হয়। মূলত তাঁরাই গুদামে ধান বিক্রি করতে পারেন। আবার সরকারি গুদামে ধান বিক্রি করতে হলে সঠিক আর্দ্রতা, পরিবহনের খরচসহ গুণগত মান যাচাইয়ের জটিলতায় পড়তে হয়। এ কারণে তাঁরা গুদামে ধান দিতে অনাগ্রহী।

খালিয়াজুরির কীর্তনখোলা হাওরে প্রায় ৩১ একর জমিতে এবার বোরো ধানের আবাদ করেছিলেন ওই এলাকার পুরানহাটি গ্রামের কৃষক মনির হোসেন। বীজ সংগ্রহ থেকে শুরু করে আবাদ, ধানকাটা, মাড়াই ও শুকাতে মনির হোসেনের ব্যয় হয় প্রায় সাড়ে সাত লাখ টাকা। বিনিময়ে মনির ধান পেয়েছেন প্রায় ১ হাজার ৭০০ মণ। এই ফলনে খুশি হলেও তিনি সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে না পারায় বাধ্য হয়ে কম মূল্যে ফঁড়িয়াদের কাছে ধান বিক্রি করতে হয়েছে। খালিয়াজুরি খাদ্যগুদামে দেরি করে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হয়।

আটপাড়ার পোখলগাঁও গ্রামের কৃষক মো. মনিরুজ্জামান বলেন, ‘অ্যাপ, লটারির ঝামেলা ছাড়াও খাদ্যগুদামে ধান দিতে গেলে অনেক খরচ পড়ে। পরিবহন খরচ ছাড়াও এক টন ধান গুদামে ঢুকাতে গেলে শ্রমিকেরা নেন ৫০০ টাকা। তাই স্থানীয় বাজার ও বাড়িতে মহাজনদের কাছে ধান বিক্রি করে দিয়েছি।’

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান বলেন, ‘বাইরে দাম ভালো থাকায় কৃষকেরা এখন গুদামে ধান-চাল দিতে চান না। এতে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।’