শর্ষের তেল মাখানো কলাগাছে ওঠার খেলায় দর্শক মাতালেন প্রতিযোগীরা

তৈলাক্ত কলাগাছ বেয়ে শীর্ষে উঠার চেষ্টা করেন প্রতিযোগীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে
ছবি: প্রথম আলো

ফসলের ফাঁকা মাঠের চারদিকে উৎসুক দর্শকের উল্লাস। মাঝখানে তৈলাক্ত কলাগাছ বেয়ে শীর্ষে উঠতে চেষ্টা করছেন একের পর এক প্রতিযোগী। এমনিতেই কলাগাছের মসৃণ ছাল, তার ওপর সেই ছালে মাখিয়ে দেওয়া হয়েছে শর্ষের তেল। তৈলাক্ত কলাগাছ বেয়ে উঠতেই প্রতিযোগী টুপ করে নিচের দিকে নেমে যাচ্ছেন। এ দৃশ্য দেখে আনন্দে মাতেন দর্শক।

আজ সোমবার বেলা ১১টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে খেলার এমন আয়োজন হয়। মহান বিজয় দিবস উপলক্ষে কেশবপুর সার্ক স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এ খেলার আয়োজন করা হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা দেখতে ঢল নামে বিভিন্ন বয়সী নারী-পুরুষের।

খেলার শুরুতে ১৫ ফুট উচ্চতার কলাগাছে শর্ষের তেল মাখিয়ে দেয় আয়োজক কর্তৃপক্ষ। পরে একের পর এক প্রতিযোগী সেই কলাগাছে ওঠার খেলায় মেতে ওঠেন। এতে ৪০ জন প্রতিযোগী অংশ নেন। সব প্রতিযোগীকে টপকে আতাউর রহমান প্রথম স্থান ও ইনাম হোসেন দ্বিতীয় স্থান অর্জন করেন।

মাঠে খেলা দেখতে আসা বালুপাড়া গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, ‘গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কিছু সময়ের জন্য বিনোদন দিয়ে মন চাঙা করতে এমন আয়োজন প্রশংসার দাবি রাখে। আমি খেলা দেখে অনেক আনন্দ পেয়েছি।’

তৈলাক্ত কলাগাছে ওঠার প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন বয়সী যুবকদের জন‍্য হাঁড়িভাঙা, হাঁস ধরা, পুকুরে সাঁতার, ছোট ও বড়দের দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্প, বালিশ খেলা, বিবাহিত ও অবিবাহিতদের নিয়ে ফুটবল খেলা, বৃদ্ধদের দৌড় খেলাসহ বেশ কিছু খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলার আয়োজন কমিটির সদস্য রবিউল ইসলাম বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে গ্রামের মানুষকে সুস্থ বিনোদন দিতেই এলাকার যুবকদের উদ্যোগে এমন খেলার আয়োজন করা হয়েছে। তৈলাক্ত কলাগাছে ওঠার মতো ঐতিহ্যবাহী খেলা প্রতিযোগী ও উৎসুক দর্শক উভয় পক্ষই বেশ উপভোগ করেছে। খেলা শেষে সন্ধ্যা সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা আছে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।