
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি ট্রাকের ও বাসের ত্রিমুখী সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম সাইদুল ইসলাম (৪৫)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কামতারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। এ ঘটনায় আরেক চালক ও চালকের সহযোগী গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে বিজয়নগরের ইসলামপুর এলাকায় সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিলেটগামী ওই ট্রাকের পেছনে দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাস সজোর ধাক্কা দেয়। এতে দুটি ট্রাক মুখোমুখি আটকে গেলে পাথরবাহী ট্রাকের চালক ঘটনাস্থলে মারা যান।
দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে সাতটার দিকে হাইওয়ে পুলিশ ও বিজয়নগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস সরিয়ে ট্রাকচালকের লাশ উদ্ধার করেন। এতে প্রায় দেড় ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মহাসড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে।