
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোশতাক আহমেদ ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে প্রচারে বাধা, পোস্টার ছেঁড়া, হামলাসহ কয়েকটি অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা। আজ শনিবার দুপুরে দুর্গাপুর পৌরসভার কাচারিমোড় এলাকায় নিজ বাসার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি। পরে রিটার্নিং কর্মকর্তার কাছে জান্নাতুল ফেরদৌস লিখিত অভিযোগ দেন।
জান্নাতুল ফেরদৌস আরা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি এ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে। দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থীকে পরাজিত করেছিলেন তিনি। দ্বাদশ নির্বাচনে অংশ নিতে এবার উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জান্নাতুল ফেরদৌস আরা বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে আওয়ামী লীগের প্রার্থী মোশতাক আহমেদ ও তাঁর লোকজন তাঁর (জান্নাতুল) কর্মী–সমর্থকদের নানাভাবে ভয়ভীতি, হুমকি-ধমকি, নির্বাচনী প্রচারে বাধা, উসকানিমূলক বক্তব্য ও পোস্টার ছিঁড়ে ফেলছেন। গত মঙ্গলবার দুপুরে দুর্গাপুর পৌরসভার তেরিবাজার এলাকায় নৌকার প্রার্থী মোশতাক তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। একই দিন বিকেলে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রাশি মনি বাজার এলাকায় সমাবেশে মোশতাক আহমেদ তাঁর বক্তব্যে ‘আমি সন্ত্রাসীদের বাপ, কাউকে ছাড় দেওয়া হবে না’—এমন কথা বলে উসকানি দেন, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল।
সংবাদ সম্মেলনে জান্নাতুল ফেরদৌস আরা আরও বলেন, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে কলমাকান্দা উপজেলার কৈয়লাটি বাজার ও পাগলা বাজারে মাইকিং করে প্রচার চালানোর সময় নৌকার প্রার্থীর সমর্থক ফারুক তালুকদার ও খাইরুল ইসলাম মাইকিংয়ে বাধা দেন। এ ছাড়া বৃহস্পতিবার বিকেলে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বাজারে নির্বাচনী কার্যালয়ে গেলে নৌকার প্রার্থীর সমর্থক যুবলীগ নেতা বাচ্চু মিয়ার নেতৃত্বে চার–পাঁচজন জান্নাতুলের কর্মী মাসুদ মিয়াকে মারধর করে প্রাণনাশের হুমকি দেন। গতকাল শুক্রবার কলমাকান্দা সিধলী বাজারে স্থানীয় কৈয়লাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীনের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর কোনো প্রচারণা করা যাবে না বলে ঘোষণা দেওয়া হয়। এ সময় ট্রাক প্রতীকের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হয়।
সংবাদ সম্মেলনে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য চান মিয়া ফকির, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, আওয়ামী লীগ কর্মী আবু রায়হান, যুবলীগ কর্মী মোমেন ইবনে সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রার্থী মোশতাক আহমেদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি। রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ বলেন, অভিযোগের বিষয়টি এখনো হাতে পাননি তিনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।