নেত্রকোনায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনা জেলার মানচিত্র
নেত্রকোনা জেলার মানচিত্র

নেত্রকোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খানকে প্রধান আসামি করে ৩৪ জনের নাম উল্লেখ করা হয়। অন্য আসামিরা অজ্ঞাতনামা। গতকাল বৃহস্পতিবার রাতে নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার আল মামুন বাদী হয়ে মামলাটি করেন।

আজ শুক্রবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ প্রথম আলোকে বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আহত এসআই খন্দকার আল মামুন মামলাটির বাদী হয়েছেন। মামলায় ৩৪ জনের নামসহ ৪০০ থেকে ৫০০ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে ঘটনার পরপর যে ১২ জনকে আটক করা হয়েছে, তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি নেতা-কর্মীদের আজ দুপুরে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে শহরের ছোটবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েলসহ ১৫ পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া এই সংঘর্ষে বিএনপি নেতা আবদুল খালেক, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লতিফুল হক চৌধুরী, নেত্রকোনা সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমানসহ ২৫ নেতা-কর্মী আহত হন। এ সময় পুলিশ ৪টি কাঁদানে গ্যাসের শেল ও ৫১টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর পর মো. আবদুল খালেক, শাহজাহান শেখ, আবু সাঈদ খান, মো. রাকিব, মো. মোকারম হোসেন, রকি মিয়া, মো. নাঈম, মো. শারিফ, বাকী হোসেন, জনি মিয়া, মো. রকি মিয়া ও মো. দিপু মিয়া নামের ১২ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। পরে গতকাল রাতে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।