বজ্রপাতে মৃত্যু
বজ্রপাতে মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কিশোরসহ দুজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে পৌরসভা ও ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন।

একরামুল হোসাইন বলেন, বেলা তিনটার দিকে ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. বাবুর ছেলে মো. মিরাজ (১৬) বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি আমবাগানে আম প্যাকিংয়ের কাজ করছিল। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে প্রায় একই সময়ে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শিহালা কলোনি গ্রামে নিজ বাড়ির টিউবওয়েলের পাশে অবস্থান করার সময় বজ্রাঘাতের শিকার হন মো. মুনিরুল ইসলাম (৪০)। তিনি ওই গ্রামের মো. মঙ্গল হোসেনের ছেলে। আত্মীয়স্বজন তাঁকে দ্রুত উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।