
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জোবরা গ্রামের স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় ‘উসকানি’ ও শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় অভিযোগে বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উদয় কুসুম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তাঁর বাড়ি বিশ্ববিদ্যালয়–সংলগ্ন ২ নম্বর গেট এলাকায়। আজ রোববার বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে আজ সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় বক্তব্য দেন উদয় কুসুম বড়ুয়া। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় অবরোধের ঘোষণা দেন। ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলেও আখ্যা দেন। তাঁর এই বক্তব্যের ভিডিও পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে আজ দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার ও অন্তত ১৮০ শিক্ষার্থী আহত হন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ঘটনায় তাঁদের পক্ষের ১০ থেকে ১২ জন আহত হন। ভাড়া বাসার দারোয়ান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।
এ দিকে সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় আজ ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। আজ বেলা তিনটার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারী উপজেলার অধীন।
উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এ ছাড়া ২ নম্বর গেট এলাকায় সভা, সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লিখিত এলাকায় পাঁচজনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবেন না।