শরীয়তপুরের জাজিরার বিকেনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী
শরীয়তপুরের জাজিরার বিকেনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী

শরীয়তপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে আটক, ৪১টি ধারালো অস্ত্র উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে মজিবুর মাদবরকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর সঙ্গে থাকা এক নারীকেও আটক করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সদর আলী মাদবরকান্দি গ্রামের বাড়ি থেকে দুজনকে আটক করা হয়। এ সময় মোস্তাফিজুরের বাড়ি থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

জাজিরা থানা সূত্রে জানা গেছে, উপজেলার বিকেনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমানের বাড়িতে বিভিন্ন ধরনের অস্ত্র মজুত করা হয়েছে বলে খবর পায় জাজিরা সেনাক্যাম্প। এরপর গতকাল রাতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি দল সদর আলী মাদবরকান্দি গ্রামে মোস্তাফিজুরের বাড়িতে অভিযান চালায়। চার ঘণ্টা অভিযান চালানোর পর মোস্তাফিজুর রহমান ও তাঁর সঙ্গে থাকা এক নারীকে আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে টাকা, ভারতীয় রুপি, পিস্তলের কভার, ম্যাগাজিনের কভার ও ৪১টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজনের ভাষ্য, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোস্তাফিজুর রহমান আত্মগোপনে চলে যান। সম্প্রতি তিনি এলাকায় ফিরে শরীয়তপুর-১ আসনের বিএনপির প্রার্থী সাঈদ আহমেদকে সমর্থন দিয়ে তাঁর প্রচারণায় অংশ নেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোস্তাফিজুর রহমানের নামে থানায় কয়েকটি মামলা আছে। কতটি কী মামলা তা যাচাই-বাছাই করা হচ্ছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা করা হবে।