সরকারি গাড়িতে মাদক বহনের অভিযোগে প্রকৌশলী বরখাস্ত

গাজীপুর জেলার মানচিত্র
গাজীপুর জেলার মানচিত্র

সরকারি গাড়িতে ফেনসিডিল বহনের অভিযোগে গাজীপুর সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোসা. ফেরদৌসী বেগমকে বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বিএম আমিন উল্লাহ নুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সংবাদে দেখা যায় যে নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ গাজীপুরের নামে নিবন্ধনকৃত গাড়িতে ১৩১ বোতল ফেনসিডিল বহনের সময় কুমিল্লার পুলিশ সেটি আটক করে।

গাড়িটি মোসা. ফেরদৌসী বেগম সরকারি বাহন হিসেবে ব্যবহার করেন। অনুমতি ছাড়া জেলার বাইরে গাড়ি চালানোর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়নি। তিনি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এটি অসদাচারণের সামিল। অভিযোগ প্রমাণিত হলে তা দণ্ডযোগ্য।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোসা. ফেরদৌসী বেগমকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বরখাস্ত থাকার সময় তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

একই দিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মোহাম্মদ শের মাহমুদ মুরাদ স্বাক্ষরিত একটি পত্রে বলা হয়েছে, অসদাচরণের অভিযোগে কেন মোসা. ফেরদৌসী বেগমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা সাত দিনের মধ্যে জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আর গাড়িটির চালক ‘শ্রমিক মজুরি কোডে’ নিয়োজিত মো. খোকন আহমেদকে অপসারণ এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এসব বিষয়ে কথা বলতে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফুল আলমের সরকারি ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।