
সাজ্জাদ হোসেনের বাবা আক্কাস আলী ছিলেন দিনমজুর, তবে গ্রামে কাজের অভাব। প্রতিদিন কাজ মেলে না। যেদিন ভাগ্যে কাজ জুটে না, সেদিন পরিবারের সবাইকে আধা পেট খেয়ে থাকতে হতো। সাজ্জাদ তখন সপ্তম শ্রেণিতে পড়ে। দুই ভাই, এক বোনের মধ্যে সাজ্জাদ সবার বড়। এ অবস্থায় সাজ্জাদের পরিবার সিদ্ধান্ত নেয়, পরিবারের বড় সন্তান হিসেবে পড়াশোনা ছেড়ে তাকেও আয়রোজগারের পথ বেছে নিতে হবে।
তবে এর মধ্যেই সাজ্জাদের বাবা পেশা বদল করে ট্রাকের চালকের সহকারী হিসেবে কাজ শুরু করেন। এতে সংসারে অভাব দূর হয়নি, তবে তিনবেলা খাবারের চিন্তা দূর হয়েছে। ফলে সাজ্জাদকে তখন পড়াশোনা ছেড়ে দিতে হয়নি। তবে সাজ্জাদকে একা পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে। সাজ্জাদের বন্ধুরা সবাই স্কুলের পাশাপাশি প্রাইভেট পড়ত। কিন্তু অর্থের অভাবে সাজ্জাদের সেই সুযোগ ছিল না। বন্ধুদের নোট আর গাইড বই ধার এনে পড়াশোনা করে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সাজ্জাদ।
সাজ্জাদের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে। কুড়িগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে। সাজ্জাদ বলে, ‘অভাবের সংসারে প্রাইভেট পড়া কিংবা গাইড বই কেনার মতো সামর্থ্য ছিল না। বন্ধুদের কাছ থেকে বই ধার এনে সারা দিন-রাত ধরে নোট করতাম। তারপর হাতে লেখা নোট বই দেখে দেখেই পড়তাম।’
সাজ্জাদের ছোট বোন খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ছোট ভাইয়ের বয়স চার বছর। সাজ্জাদ এইচএসসিতে কুড়িগ্রাম সরকারি কলেজে ভর্তি হতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে সাজ্জাদ। কিন্তু আর্থিক টানাপোড়নের মধ্যে সাজ্জাদ কতদূর যেতে পারবে, তা নিয়ে দুশ্চিন্তায় আছে তার পরিবার।
সাজ্জাদের বাবা আক্কাস আলী বলেন, ‘আমি সারা দিন ট্রাকে হেলপারি করি। যা ট্যাকা পাই, তা দিয়ে সংসার কোনোমতে চলে। ছেলেকে পড়ালেখা করামো ক্যামন করি। কোনো দিন প্রাইভেট পড়াতে দিতে পারি নাই। গাইড বই কিনি দিবের পাই নাই। নিজের মেধা আর পরিশ্রম দিয়েই ছেলেটা এবার পাস করছে। সবাই কয় ছেলের মেধা ভাল। ভালো কলেজে পড়ান। কিন্তু আমার তো কলেজে পড়ানোর ক্ষ্যামতা নাই। আপনারা একটু সহায়তা করলে ছেলেটাক কলেজত ভর্তি করলং হয়।’
কুড়িগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের জেনারেল ইলেকট্রনিক্যাল ওয়ার্ক বিভাগের শিক্ষক আল ইমরান বলেন, সাজ্জাদ মেধাবী ছাত্র। তাঁর পড়াশোনার প্রতি বেশ আগ্রহ। সাজ্জাদ ক্লাসের নিয়মিত ছাত্রদের একজন। সে কখনই পড়াশোনায় ফাঁকি দেয়নি। আর্থিক সুযোগ পেলে সাজ্জাদ তাঁর স্বপ্ন পূরণ করতে পারবে বলে তিনি মনে করেন।