জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩–এর যশোর আঞ্চলিক গণিত উৎসব শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় যশোর জিলা স্কুল মাঠে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান উৎসবের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। এ সময় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জাতীয় পতাকা, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও প্রথম আলোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, বছরের শুরুতেই গণিতচর্চার মতো অত্যন্ত কঠিন ও প্রয়োজনীয় একটি অধ্যবসায়ের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছে প্রথম আলো। এটা নিঃসন্দেহে প্রথম আলোর একটি ভালো কাজ। বিজ্ঞানভিত্তিক সৃজনশীল মেধা বিকাশে গণিতচর্চার বিকল্প নেই। প্রথম আলোর এ উদ্যোগকে তিনি স্বাগত জানান।
গণিত উৎসব উদ্বোধনের পর ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষে একদিকে তাদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে, অন্যদিকে মিলনায়তনে প্রশ্নোত্তর পর্বের অনুষ্ঠান চলতে থাকবে। শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দিতে মিলনায়তের মঞ্চে থাকবেন দেশের বিশিষ্ট গণিতবিদেরা। দর্শকসারিতে বসা শিক্ষার্থীরা গণিত–সম্পর্কিত তাদের মনের নানা প্রশ্ন ছুড়ে দেবে সেই গণিতবিদদের কাছে।
প্রশ্নোত্তর পর্বে মঞ্চে থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান হাফিজ উদ্দীন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সৈয়দ গালিব, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক তৌহিদুর রহমান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশনের প্রধান সমন্বয়ক ও যুব কর্মসূচি প্রধান মুনির হাসান। প্রশ্নোত্তর পর্বে ভালো প্রশ্নের জন্য তাৎক্ষণিক পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা ম্যাগাজিন দেওয়া হবে।
সবশেষে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩০ জন বিজয়ীর গলায় মেডেল পরিয়ে দেওয়া হবে। তাদের ঢাকা জাতীয় গণিত উৎসবে যোগ দেওয়ার সনদ, চিঠি ও টি-শার্ট দেওয়া হবে। ‘আমরা করব জয় একদিন’ গানের মধ্য দিয়ে গণিত উৎসব শেষ হবে।