
গুলিবর্ষণের শিকার হয়েছেন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানী উপজেলার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী সিপন ভুঁইয়া। আজ রোববার বেলা ১টার দিকে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে সিপন ভুঁইয়া বলেন, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বাড়িতে প্রবেশ করার সময় অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি তাঁর শরীরে লাগেনি। স্বতন্ত্র এ প্রার্থীর দাবি, তাঁর জনপ্রিয়তা দেখে একটি গোষ্ঠী তাঁকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে এ হামলার চেষ্টা করেছে। জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবে বলে তিনি আশা করেন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ওই প্রার্থী গুলি বর্ষণের অভিযোগ করেছেন। তবে অভিযোগের বিন্দুমাত্র সত্যতা পুলিশ এখনো পায়নি।
৩ লাখ ৮৪ হাজার ৩২৬ জন ভোটারের গোপালগঞ্জ-২ আসনে মোট ১৩ জন প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সিপন ভুঁইয়ার প্রতীক ঘোড়া। প্রতীক বরাদ্দের পর উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা শামছুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের করে তিনি প্রচারণা শুরু করেন।