
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনের সব কটিতেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে মানিকগঞ্জ-৩ আসনে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম এক লাখের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
ভোট গণনা শেষে বেসরকারিভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ফলাফল ঘোষণা করেন।
মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবীর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৭ হাজার ৭৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মো. তোজাম্মেল হক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট।
মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর-সদর একাংশ) আসনে বিএনপি–মনোনীত মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাহ উদ্দিন দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট।
মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-সদর একাংশ) আসনে বিএনপি–মনোনীত আফরোজা খানম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি এখানকার সাবেক সংসদ সদস্য ও প্রয়াত মন্ত্রী হারুনার রশিদ খানের মেয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাইদ নূর রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।