
নাটোরের সিংড়ায় বিলের পানি থেকে নানা ও নাতির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে সিংড়া উপজেলার চৌগ্রাম পশ্চিম বিল থেকে স্থানীয় লোকজন তাঁদের লাশ উদ্ধার করেন। স্বজনদের ধারণা, বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন চৌগ্রামের জমির শেখ (৭০) ও তাঁর নাতি পাপ্পু হোসেন (১২)। জমির শেখ পেশায় কৃষক ও পাপ্পু হোসেন চৌগ্রাম উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
সিংড়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে জমির শেখ তাঁর নাতি পাপ্পু হোসেনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে চৌগ্রাম পশ্চিম বিলে জাল দিয়ে মাছ ধরতে যান। সন্ধ্যা ঘনিয়ে এলেও তাঁরা বাড়িতে ফিরে আসেননি। তখন স্বজনেরা বিলের আশপাশে তাঁদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১০টার দিকে বিলের পানিতে জমির শেখ ও পাপ্পুর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে স্বজনেরা সেখান থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
জমির শেখের ছেলে শামীম হোসেন বলেন, নিহত দুজনের শরীর পুড়ে কালো হয়ে গেছে। গতকাল বিকেল থেকে ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। হয়তো সন্ধ্যার আগেই বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকি বলেন, লাশের আলামত দেখে ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তাঁরা মারা গেছেন। তবে এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।