
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে প্রার্থী হতে মোট ২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে গতকাল বুধবার পর্যন্ত দুই দলের চারজন রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেছেন। স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্রের সঙ্গে সংসদীয় এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। এই স্বাক্ষর সংগ্রহ করতে গিয়ে বেকায়দায় পড়েছেন স্বতন্ত্র প্রার্থী হতে ইচ্ছুক নেতারা।
স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটারদের স্বাক্ষর সংগ্রহে কেউ কেউ মাঠে কর্মী নামিয়েছেন। কেউ নিজে এবং অনুসারীদের পাঠাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। স্বাক্ষর সংগ্রহ শেষে আজ বৃহস্পতিবার শেষ দিনে তাঁরা মনোনয়নপত্র জমা দিতে চান।
নির্বাচন কমিশন আইন অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের নাম-স্বাক্ষর ও ভোটারের মুঠোফোন নম্বরের তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনেই তা নিশ্চিত করতে হবে। দল মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা নেই।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান প্রথম আলোকে বলেন, স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের নামের তালিকা স্বাক্ষরসহ মাঠপর্যায়ে যাচাই করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কর্মকর্তারা এসব যাচাইকালে তালিকায় উল্লেখিত কোনো ভোটার তা অস্বীকার করলে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে।
চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা ও সদরের একাংশ) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা, জীবননগর ও সদরের একাংশ) আসনেও বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলি আজগার টগর দলীয় মনোনয়ন পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এর বাইরে জাসদ, জাতীয় পার্টি, জাকের পার্টি, এনপিপি, তৃণমূল বিএনপিসহ আটটি দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১২ নেতা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সরাসরি রাজনীতি করেন না এমন দুজনও স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র তুলেছেন।
সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীরা ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের নিয়মকে হয়রানিমূলক বলে দাবি করেছেন। চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জেলা মহিলা যুবলীগের সভাপতি আফরোজা পারভীন। তিনি প্রথম আলোকে বলেন, খুব সতর্কতার সঙ্গে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ ও মুঠোফোন নম্বর তালিকাভুক্ত করা হচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই ভোটারদের বাড়ি বাড়ি ছুটতে হচ্ছে।
চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে পাননি। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ না নিলেও তিনি প্রথম আলোকে বলেন, ‘যেখানে নামসর্বস্ব দলের নেতারা মনোনয়নপত্র জমা দিয়ে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে ভোটের আগেই স্বতন্ত্র প্রার্থীদের এমন দুর্ভোগের মুখে ফেলার বিষয়টি সত্যিকার অর্থেই অস্বস্তিকর।’
নাম প্রকাশ না করার শর্তে চুয়াডাঙ্গা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা এক নেতা বলেন, স্বাক্ষর সংগ্রহে তিন দিন ধরে ৫০ জন কর্মীকে মাঠে নামানো হয়েছে। স্বাক্ষর সংগ্রহ করতে গিয়ে নাভিশ্বাস উঠে যাওয়ার অবস্থা। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি মনোনয়নপত্র জমা দেবেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। অর্থাৎ এই আসনে স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ হিসেবে ৪ হাজার ৮৪০ জন ভোটারের স্বাক্ষর ও মুঠোফোন নম্বর সংগ্রহ করে মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এই আসনের স্বতন্ত্র প্রার্থীদের ৪ হাজার ৬৭০ জন ভোটারের স্বাক্ষর ও মুঠোফোন নম্বর সংগ্রহ করতে হবে।