টাঙ্গাইলে মাসব্যাপী ‘খেলা দেখা উৎসব’ আজ পাবে চূড়ান্ত রূপ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামে আর্জেন্টিনা সমর্থকদের নির্মাণ করা তোরণ
ছবি: প্রথম আলো

মধুপুরের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইদিলপুরে নিজ বাড়ির সামনে খাবারের দোকান রয়েছে দেবব্রত রংয়ের। বিশ্বকাপ ফুটবল শুরু হলে দোকানে টেলিভিশনে খেলা দেখানোর ব্যবস্থা করেন এই ব্যবসায়ী। মাসব্যপী প্রায় প্রতি রাতেই খেলা দেখতে দোকানে এলাকাবাসীর ভিড়ে উৎসব লেগেছিল যেন। আজ রোববার সে ভিড় চূড়ান্ত রূপ নেবে বলে আশা করছেন দেবব্রত।

দেবব্রত বলেন, ‘রাত জেগে মানুষ খেলা দেখেছে। এতে বিক্রি হয়েছে প্রচুর। বিশ্বকাপ ফুটবল শুরুর পর পুরো মাস উৎসবের আমেজে ব্যবসা করেছি। এলাকার পাহাড়ি–বাঙালি সবার খেলা দেখা জমে ওঠে আমার দোকানে। আজ তো মনে হয় চূড়ান্ত উৎসব হবে দোকানে। তবে মাসব্যাপী উৎসবটা শেষ হয়ে যাচ্ছে—এ জন্য খারাপ লাগছে।’

এভাবে টাঙ্গাইল জেলাজুড়ে ফুটবল আসর নিয়ে উৎসবে মেতেছেন ফুটবলপ্রেমীরা। শহর থেকে গ্রাম পর্যন্ত ফুটবলপ্রেমীরা ভাসছেন উন্মাদনায়।

দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজ বাড়ির সামনে আর্জেন্টিনার খেলোয়ারদের ছবিসহ তোরণ নির্মাণ করেছেন। বিভিন্ন এলাকায় আর্জেন্টিনা সমর্থকেরা ফাইনাল খেলা দেখা উপলক্ষে নানা আয়োজন নিয়ে ব্যস্ত। নিয়ে রাখা হয়েছে ভূরিভোজ, সাজসজ্জা ও পটকা ফোটানোর প্রস্তুতি। সন্ধ্যা থেকেই উৎসব শুরু হয়ে যাবে। খেলা শুরু হলে উল্লাসে ফেটে পড়বেন ফুটবলপ্রেমীরা।

টাঙ্গাইল শহরের একমাত্র প্রেক্ষাগৃহ ‘মালঞ্চ’ তে আজ বড় পর্দায় ফাইনাল খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। প্রেক্ষাগৃহটির ব্যবস্থাপক আবদুল মিয়া প্রথম আলোকে বলেন, ‘৩০ টাকা দর্শনীর বিনিময়ে খেলা দেখানো হবে। দর্শকেরা কিছুটা হলেও স্টেডিয়ামে বসে খেলা দেখার আমেজ পাবেন। এ জন্য শহরে মাইকিং করা হচ্ছে।’

মাসব্যাপী শুধু পাড়ায় পাড়ায় নয়, অনেক পরিবারও ফুটবল খেলা নিয়ে মেতে আছে। ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রথম আলো বলেন, ‘আমার স্কুলপড়ুয়া দুই মেয়ে আর্জেন্টিনার সমর্থক। খেলার দিন মেয়েরা আর্জেন্টিনার জার্সি পরে রাত জেগে খেলা দেখে। আজও দেখবে। প্রিয় দলের জয় হলে আনন্দে তাদের ঘুম হয় না। আজ খুব চিন্তিত ওরা, কী হয় তাই নিয়ে। প্রতি খেলায় বাড়িতে বিশেষ খাবারের আয়োজন করা হয়। মেয়েদের জন্য আজ আমরা চাই, আর্জেন্টিনা যাতে বিজয়ী হয়।’

শহরের ভিক্টোরিয়া সড়কে খেলাধুলার সামগ্রীর দোকান রয়েছে উত্তম বাকালির। তিনি প্রথম আলোকে বলেন, বিশ্বকাপ শুরুর আগে থেকেই আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি বিক্রি শুরু হয়েছে। এই দুই দেশের আড়াই হাজার জার্সি বিক্রি করেছেন তিনি। আর্জেন্টিনার জার্সি আজও বেশ ভালোই বিক্রি হচ্ছে।’

আর্জেন্টিনার সমর্থকেরা ফাইনাল খেলা দেখার আনন্দে যেমন রয়েছেন, তেমনি তাঁদের সমর্থক তানভীর হাসান ওরফে তন্ময়ের (১৩) মৃত্যুতে ব্যথিত তাঁরা। বিশ্বকাপ শুরুর আগে গত ১৬ নভেম্বর সখীপুর উপজেলা সদরে তানভীর আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।