
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি।
হামলায় কলাপাড়া পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. আমজাদ হোসেন (৪৫) ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জসীম উদ্দিন (৪২) আহত হয়েছেন।
হামলার সঙ্গে আওয়ামী লীগ জড়িত নয় দাবি করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার বলেন, ‘কে বা কারা এ হামলা করেছে, তা আমরা জানি না। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। যদি বিএনপির নেতারা সুনির্দিষ্টভাবে হামলায় জড়িত আওয়ামী লীগ কর্মীদের নাম বলতে পারেন, তাহলে আমরা অবশ্যই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক জানান, জ্বালানির মূল্যবৃদ্ধিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় পুলিশের হামলায় দুই নেতা নিহতের প্রতিবাদে আগামীকাল কেন্দ্রঘোষিত কর্মসূচি নিয়ে তাঁরা দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করছিলেন। এ সময় মিছিল নিয়ে ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী দল রামদা, লাঠিসোঁটা নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালায়। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা দলীয় কার্যালয়ের পেছনের একটি কক্ষে আশ্রয় নেন। সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল, টিভিসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেছে। হামলায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী হুমায়ুন সিকদার বলেন, ‘সন্ত্রাসীদের বেশির ভাগই অচেনা ও বহিরাগত বলে মনে হয়েছে। পুলিশের সামনেই তারা হামলা করেছে। হামলার সময় তারা বিএনপির নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনসহ উপজেলার জ্যেষ্ঠ নেতাদের নাম ধরে অকথ্য গালিগালাজ করেছে। কেন্দ্রঘোষিত আগামীকালের কর্মসূচি যাতে না করি, সে জন্য হুমকি দিয়েছে।’ তিনি বলেন, হামলার পরও আগামীকালের কর্মসূচি পালনে দৃঢ়প্রতিজ্ঞ তাঁরা।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম প্রথম আলোকে বলেন, হামলার খবর শুনেছেন তাঁরা। চেয়ার ধাক্কাধাক্কি হয়েছে। বিএনপির পক্ষ থেকে তাঁদের কিছুই জানানো হয়নি। ঘটনাস্থলে পুলিশ আছে। পরিস্থিতি এখন শান্ত।