
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আঙুলের অস্ত্রোপচারের সময় মারা যাওয়া শিশু মারুফা জাহান ওরফে মাইশার (৬) মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। দাফনের ১০ দিন পর আজ সোমবার বেলা ৩টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি কবর থেকে তোলে পুলিশ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম ও ঢাকার রূপনগর থানার পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা নয়ন দাস। লাশ তোলার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মারুফা জাহান কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা গ্রামের মোজাফফর হোসেন ও বেলি বেগমের মেয়ে। প্রায় সাড়ে চার বছর আগে চুলার আগুনে তার ডান হাতের আঙুল পুড়ে যায়। সে সময় চিকিৎসা করালে ক্ষতস্থান ভালো হয়ে যায়। কিন্তু পরে তার তিন আঙুল কুঁকড়ে যায়। এ অবস্থায় গত ৩০ নভেম্বর ঢাকার রূপনগর এলাকার আলম মেমোরিয়াল হাসপাতালে হাতের আঙুলের অস্ত্রোপচার করার সময় তার মৃত্যু হয়। লাশ বাসায় এনে গোসল দেওয়ার সময় পরিবারের সদস্যরা দেখেন, তার পেট কাটা, সেলাই করা। এ ঘটনায় ৫ ডিসেম্বর মোজাফফর হোসেন রূপনগর থানায় লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে।
মামলায় মোজাফফর হোসেন দাবি করেন, শিশু মারুফাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাই অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসক শরিফুল ইসলাম, চিকিৎসক রনি ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক আহসান হাবীবসহ আলম মেমোরিয়াল হাসপাতালের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা নয়ন দাস বলেন, মামলার তদন্তের স্বার্থে নিম্ন আদালতের কাছে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের আবেদন করলে আদালত কবর থেকে মরদেহ তোলার নির্দেশ দেন। এ জন্য আজ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এলাকাবাসীর উপস্থিতিতে মরদেহ তুলে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পাওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কুড়িগ্রাম জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা গেলে সে অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।