
ঈদ উপলক্ষে মাদারীপুরে বিলপদ্মার চরে ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় এ খেলা দেখতে বিলপদ্মা নদীরপাড়ে জেগে ওঠা চরে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ ভিড় করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলা থেকে জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন খেলোয়াড়দের।
স্থানীয় ‘স্বপ্নের আলো’ মানবিক একটি সংগঠনের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়; যা দেখতে আজ দুপুরের পর থেকে বিভিন্ন স্থান থেকে আসেন দর্শকেরা।
মাদারীপুর শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এ কাবাডি খেলা হয়। প্রখর রোদে মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ। ৪০ মিনিটের কাবাডি খেলায় ১-০ সেটে প্রবাসী কিং ক্লাবকে হারিয়ে জয় লাভ করে বাংলার দামাল দল। খেলা শেষে দুই দলকে ট্রফি, নগদ টাকা ও রঙিন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে শুধু কাবাডি নয়, হারিয়ে যাওয়া সব ধরনের খেলা মাঠে ফিরিয়ে আনার কথা জানান আয়োজকেরা।
খেলা দেখতে আসা দর্শক সুমাইয়া আক্তার বলেন, ‘পরিবারের সবাই একসঙ্গে এই খেলা দেখে আনন্দ পেয়েছি। ঈদের তৃতীয় দিনে এমন খেলা মিলনমেলায় পরিণত হয়েছে। আয়োজকদের ধন্যবাদ জানাই।’
আরেক দর্শক নাসির উদ্দিন লিটন বলেন, হাজার হাজার মানুষ একসঙ্গে খেলা দেখে খুবই আনন্দিত হয়েছেন। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শকেরাও এই খেলা উপভোগ করেছেন। বাড়তি আনন্দ পেয়েছে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ।
‘খেলায় জয়-পরাজয় বড় বিষয় নয়। মানুষকে আনন্দ দিতে পেরেছি, এটাই সফলতা’, এমন কথা বলেন কাবাডি খেলোয়াড় আজিজুল আকন।
আরেক খেলোয়াড় নুর আলম বলেন, ‘আগে প্রায়ই বিভিন্ন এলাকায় হাডুডু খেলায় অংশ নিতাম। কিন্তু এখন আর এই খেলা তেমন একটা দেখা যায় না। আমরা চাই, নিয়মিত সমাজের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা বিভিন্ন সংগঠন এ ধরনের খেলার আয়োজন করুক।’
কাবাডি খেলার আয়োজকদের একজন মো. ফজলুল হাওলাদার বলেন, শুধু জাতীয় এই খেলাই নয়, ভবিষ্যতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হবে; যাতে যুবসমাজ মাদকমুক্ত থাকে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন স্বপ্নের আলো মানবিক সংগঠনের প্রত্যেক সদস্য।