নবজাতককে উদ্ধারের পর ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়
নবজাতককে উদ্ধারের পর ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়

কান্নার শব্দ পেয়ে ঝোপ থেকে এক নবজাতক উদ্ধার

ফেনীতে সড়কের পাশের ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ফেনী পৌর শহরের চাড়িপুর এলাকা থেকে ওই নবজাতক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সড়ক দিয়ে হাঁটার সময় পথচারীরা ঝোপ থেকে কান্নার শব্দ শুনতে পান। একপর্যায়ে এগিয়ে গিয়ে দেখেন ওড়না মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যা পড়ে রয়েছে। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ বিষয়টি অবহিত করা হয়। এরপর পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য ফেনীর রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফেনী জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নয়ন চন্দ্র দাস বলেন, নবজাতকটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রোকন উদ দৌলা জানান, উদ্ধার হওয়া নবজাতকের বয়স এক বা দুই দিন হতে পারে। রাতে শিশুটির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় তাকে হাসপাতালের এনআইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঝোপ থেকে শিশু উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল। তিনি বলেন, শিশুটি কীভাবে ঝোপে এল, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।