মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে আজ রোববার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। মেহেরপুর সরকারি কলেজ মোড়ে বাস দাঁড় করিয়ে রাখা হয়
ছবি : প্রথম আলো

কোনো ঘোষণা ছাড়াই আজ রোববার সকাল থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দূরপাল্লা ও আন্তজেলা সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকেরা বলেন, দূরপাল্লার বাসে লোকাল যাত্রী বহন করা হচ্ছে। এর জের ধরে দূরপাল্লার পরিবহন শ্রমিকদের সঙ্গে আন্তজেলার শ্রমিকদের দ্বন্দ্ব তৈরি হওয়ায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

আজ সকালে মেহেরপুর পৌর শহর ও উপজেলার বাসস্টপগুলো ঘুরে দেখা যায়, সেখানে অনেক মানুষের ভিড়। পৌর শহরের কলেজ বাসস্ট্যান্ডে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বাস না পাওয়ায় বেশ বিরক্ত ছিলেন আবু হেনা মোস্তফা কামাল নামের এক সরকারি কর্মকর্তা। তিনি বলেন, এভাবে হুটহাট করে বাস বন্ধ করা একধরনের অন্যায়। সাধারণ মানুষকে আগে থেকে জানানো উচিত । যাতে করে তাঁরা ভোগান্তিতে না পড়েন। এখানে অনেকে রয়েছেন কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসকের কাছে যাবেন। বিকল্প উপায়ে তাঁদের যেতে চরম কষ্ট হবে।

সবচেয়ে বেশি যাত্রী ছিল গাংনী উপজেলা শহরের বাসস্টপে। পৌর শহরের বাসিন্দা কামরুজ্জামান বলেন, ‘সকাল থেকে বাসের অপেক্ষায় থেকেও বাস পাওয়া গেল না। আমার মাকে একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। আজ আর যাওয়া সম্ভব নয়।’

হাফিজুর রহমান নামের এক বাসমালিক বলেন, দূরপাল্লার পরিবহন ও আন্তজেলা পরিবহনের মালিক ও শ্রমিক ইউনিয়নের মধ্যে লিখিত চুক্তি রয়েছে যে দূরপাল্লার কোনো পরিবহন যেখান-সেখান থেকে আন্তজেলার কোনো যাত্রীকে তাঁদের পরিবহনে তুলতে পারবে না। অথচ দূরপাল্লার বাসগুলো বেশ কয়েক মাস ধরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বেশির ভাগ বাসস্টপ থেকে লোকাল যাত্রী নিচ্ছে। এমন অভিযোগে সড়কের কাতলামারি এলাকায় মেহেরপুর শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা দূরপাল্লার বাসে তল্লাশি চালান। তখন কয়েকটি বাসে লোকাল যাত্রী পাওয়া যায়। এ নিয়ে দূরপাল্লার বাসের শ্রমিক সাইদ হোসেনের সঙ্গে মহিবুল ইসলাম নামের শ্রমিক ইউনিয়নের নেতার কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে কুষ্টিয়া-মেহেরপুর বাস মোটরশ্রমিক ইউনিয়ন নেতারা আজ থেকে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, দূরপাল্লার বাসগুলো আন্তজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সঙ্গে তাঁদের সম্পাদিত চুক্তি বারবার ভঙ্গ করছে। এতে লোকাল বাসে যাত্রীসংকট হচ্ছে। অনেক বাস নিয়মিত পরিচালনা করা যাচ্ছে না। এভাবে অবৈধভাবে লোকাল যাত্রীদের দূরপাল্লার পরিবহনগুলো নিতে থাকে, তাহলে দুই পক্ষ ক্ষতির মুখে পড়বে।

মেহেরপুরের দূরপাল্লার জে আর পরিবহনের কর্মকর্তা রিমন হোসেন বলেন, দূরপাল্লার পরিবহন মালিকপক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া রয়েছে, কোনো প্রকারে লোকাল যাত্রীদের বাসে তোলা যাবে না। অনেক সময় এসব বাসের চালক ও সহকারী মিলে গোপনে লোকাল যাত্রী তুলে নেন। এসব বিষয় সুরাহা হওয়া দরকার।

বাসমালিক সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, মানুষের ভোগান্তির কথা ভেবে খুব দ্রুত আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।