
তিন দিনের টানা ছুটিতে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায় হাজার হাজার পর্যটক গেছেন। কুয়াকাটার জিরো পয়েন্ট, লেম্বুর চর, শুঁটকিপল্লি, গঙ্গামতী সৈকত, জাতীয় উদ্যানসহ আকর্ষণীয় স্পটগুলোর কোথাও কোনো ফাঁকে নেই। যেদিকে চোখ যায়, মানুষ আর মানুষ। বিপুলসংখ্যক পর্যটকের কারণে পর্যটন–সংশ্লিষ্ট ব্যক্তিদের ভালো ব্যবসা হচ্ছে। তবে পর্যটকদের অভিযোগ, খাবারসহ সবকিছুর জন্য তাঁদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, প্রতিবছর এমন সময় পর্যটক বেশি হয়। তবে এবার পদ্মা সেতু চালু হওয়ার কারণে পর্যটকের সংখ্যা অনেক বেড়ে গেছে। যে কারণে আবাসিক হোটেল-মোটেলসহ পর্যটনকেন্দ্রিক সবকিছুর ওপর চাপ পড়েছে। এবার ১৫ দিন আগেই হোটেল-মোটেল বুকিং শেষ হয়ে গেছে।
হোটেল প্রিন্স কুয়াকাটার মালিক মো. হাবিবুর রহমান বলেন, ‘আমার হোটেলটি কুয়াকাটার মূল এলাকা থেকে কিছুটা দূরে। এখনো হোটেলটির নির্মাণকাজ শেষ হয়নি। ৪০টির মতো কক্ষ মোটামুটি প্রস্তুত করা হয়েছে। পর্যটকদের চাপ দেখে আমার হোটেলের প্রতিটি কক্ষই ভাড়া দিতে হয়েছে। চাহিদামতো কক্ষ দিতে না পারায় অনেককে ফিরিয়ে দিয়েছি।’
যশোরের রূপদিয়া এলাকার বাসিন্দা ফেরদৌসী আলম পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে প্রথমবারের মতো কুয়াকাটায় বেড়াতে এসেছেন। তিনি বলেন, ‘কুয়াকাটার কথা অনেক শুনছি। কিন্তু এখানে এসে দেখলাম সৈকত এবড়োখেবড়ো। বালুর বস্তা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। দেখতে শ্রীহীন। কোথাও কোনো সৌন্দর্য নেই। কুয়াকাটার ছোট ছোট রাস্তা, রাস্তার ওপর বাস দাঁড় করিয়ে রাখা, ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকদের উৎপীড়ন, বাণিজ্যিক ফটোগ্রাফারদের ছবি তোলার জন্য পিছু নিয়ে ডাকাডাকি যন্ত্রণাদায়ক। কর্তৃপক্ষের এদিকে নজর দেওয়া উচিত।’
ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা রফিকুল আবেদীন বলেন, ‘কুয়াকাটায় এর আগেও কয়েকবার এসেছি। তবে এবার এসে মনে হলো পর্যটকদের সেবার ব্যাপারটি কুয়াকাটায় নেই। আগে আবাসিক হোটেলের যে কক্ষের ভাড়া ছিল তিন হাজার টাকা, এখন সে কক্ষের ভাড়া রাখা হচ্ছে পাঁচ হাজার টাকা। মানের তুলনায় অতিরিক্ত ভাড়া। খাবার হোটেলেও সবকিছুর বেশি দাম রাখা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা নেই বললেই চলে।’
গত তিন দিনে ৮০ হাজার থেকে ১ লাখ পর্যটক কুয়াকাটার দর্শনীয় স্থানে ঘুরেছেন বলে মনে করেন কুয়াকাটার হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ। তিনি বলেন, কুয়াকাটায় ছোট-বড় মিলিয়ে ১৭০টির মতো আবাসিক হোটেল-মোটেল আছে। এগুলোর ধারণক্ষমতা প্রায় ১৫ হাজার।
সৈকতের শামুক-ঝিনুক বিক্রেতা জাহিদুল ইসলাম বলেন, ‘গত দুই বছরের করোনাকাল এবং একের পর এক ঘূর্ণিঝড়ের কারণে কুয়াকাটার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার বিপুলসংখ্যক পর্যটক আসায় আমরা ব্যবসা-বাণিজ্য নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। বিগত দিনের ক্ষতি কাটিয়ে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে।’
কুয়াকাটার মাছভাজার দোকানগুলোয় বেচাকেনা ভালো হচ্ছে বলে জানালেন মো. মিজানুর রহমান নামের এক দোকানি। তিনি বলেন, পর্যটক বাড়ায় বিক্রিও বেড়েছে। টুনা মাছ, কোরাল, চিংড়ি, লবস্টার ও রুপচাঁদা বেশি বিক্রি হয়েছে। দোকানিরা ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছেন।
কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু বলেন, সাগরের জলরাশিতে বেড়ানোর জন্য লাইফবোট বুকিং হচ্ছে বেশি। এ ছাড়া স্পিডবোট, ওয়াটারবাইকেও অনেক পর্যটক লেম্বুর চর, গঙ্গামতী সৈকত, ফাতরার বন এবং আশার চরে ঘুরতে গেছেন। অনেকে আবার সাগর উপকূলের কাছাকাছি এলাকায় ঘুরছেন।
কুয়াকাটা পর্যটন পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ‘কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক উপস্থিতির কারণে সার্বিক নিরাপত্তা দিতে আমরা তৎপর। পর্যটন পুলিশের বেশ কয়েকটি দল এ জন্য কাজ করছে। পর্যটকেরা যাঁরা এসে গোসল করার জন্য সাগরের পানিতে নামছেন, তাঁরা যাতে কোনো দুর্ঘটনায় না পড়েন, সে জন্য সতর্ক করা হচ্ছে।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য প্রথম আলোকে বলেন, ‘হোটেল-মোটেলে অতিরিক্ত ভাড়া, খাবার হোটেলে তাজা খাবার পরিবেশনসহ সবকিছুর ওপর আমাদের তদারকি আছে। তবে কেউ কেউ খেয়াল–খুশিমতো মূল্য আদায়ের চেষ্টা করছেন। এ রকম অনৈতিক সুবিধা কেউ নিয়ে থাকলে এবং প্রমাণ পাওয়া গেলে অবশ্যই সেসব ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’