বেলকুচিতে পাঠদান বন্ধ রেখে বিদ্যালয়ে সালিস বৈঠক

সিরাজগঞ্জের বেলকুচির দেলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয়ে পাঠদান বন্ধ রেখে সালিস বৈঠক করা হয়। বুধবার তোলা ছবি
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে সালিস বৈঠক করা হয়েছে। আজ বুধবার উপজেলার দেলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পড়া শিখে না আসায় বিদ্যালয়ের এক শিক্ষক শিক্ষার্থীকে পেটান। এ ঘটনায় শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিরা মিলে বুধবার সকাল ৯টা থেকে বিদ্যালয়ের কার্যালয়ে সালিস বৈঠক শুরু করেন। দুপুর ১২টা পর্যন্ত ওই সালিস বৈঠক চলে। এই সময় ওই বিদ্যালয়ে পাঠদান পুরোপুরি বন্ধ ছিল। অথচ বিধি অনুযায়ী বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে সালিস করা যায় না।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্‌–প্রাথমিক, প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির পাঠদান ৯টা থেকে শুরু হয়। কিন্তু বুধবার সালিস বৈঠকের কারণে দেলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব শ্রেণির শিক্ষার্থীরা আর ক্লাস করতে পারেনি।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলে, ‘সকাল ৯টা থেকে আমাদের পাঠদান শুরু হওয়ার কথা থাকলেও কোনো শিক্ষক আমাদের শ্রেণিকক্ষে আসেননি। সকালে থেকে অফিসকক্ষে সবাই বিচারে বসেছিলেন। তাই আমরা শ্রেণিকক্ষে শিক্ষক না পেয়ে তখন বিদ্যালয়ের মাঠে ও তার আশপাশে খেলাধুলা করেছি।’

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার বলেন, ‘বিদ্যালয়ের একটি সমস্যা নিয়ে আমরা বসেছিলাম। যে কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে একটু ব্যত্যয় ঘটেছে। তবে যথারীতি দুপুর সাড়ে ১২টা থেকে আমরা পাঠদান শুরু করেছি।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশেদুল ইসলাম প্রথম আলোকে জানান, কোনো অবস্থাতেই বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে সালিস বৈঠক করা যাবে না । এটাই আইনের পরিপন্থী। এ ধরনের কাজ যদি কোনো বিদ্যালয়ে হয়ে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে ওই বিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।