কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়ার কুতুপালং এলাকায় তুরস্ক প্রতিনিধিদলের গাড়িরবহরে থাকা পুলিশের গাড়ির সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। আজ সন্ধ্যা সাড়ে সাতটায়
কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়ার কুতুপালং এলাকায় তুরস্ক প্রতিনিধিদলের গাড়িরবহরে থাকা পুলিশের গাড়ির সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। আজ সন্ধ্যা সাড়ে সাতটায়

উখিয়ার আশ্রয়শিবির থেকে ফেরার পথে দুর্ঘটনায় গাড়িবহর, অক্ষত ওজিল-বিলাল এরদোয়ান

উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে কক্সবাজারে ফেরার পথে তুরস্কের প্রতিনিধিদলের গাড়িবহরটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে প্রতিনিধিদলের কেউ আহত হননি। বহরে থাকা সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ান অক্ষত রয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যাটারিচালিত একটি ইজিবাইক (টমটম) হঠাৎ করে গাড়িবহরের সামনে চলে এলে সম্মুখভাগে থাকা পুলিশের একটি গাড়ির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

রাত ১০টার দিকে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস প্রথম আলোকে বলেন, ভিভিআইপি গাড়িবহরের সামনে হঠাৎ একটি অটোরিকশা চলে এলে পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়েছে, পুলিশের গাড়িটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিনিধিদলের কেউ আহত হননি।

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার শাহপরীর দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল উখিয়ার কয়েকটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। সন্ধ্যার দিকে তাঁরা কক্সবাজার শহরের উদ্দেশে রওনা দিলে কুতুপালং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রতিনিধিদলকে নিরাপত্তার মধ্যেই কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। রাত আটটার দিকে তাঁরা বিশেষ উড়োজাহাজে ঢাকার উদ্দেশে রওনা হন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বিশেষ উড়োজাহাজে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১৩ সদস্যের তুরস্কের প্রতিনিধিদল। বিমানবন্দরে তাদের স্বাগত জানান জেলা প্রশাসক মো. আ. মান্নান ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। পরে প্রতিনিধিদলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে বৈঠক করে এবং সড়কপথে উখিয়ার আশ্রয়শিবিরে যায়।

আশ্রয়শিবিরে রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করে প্রতিনিধিদলটি। বিকেলে রোহিঙ্গা তরুণদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচেও অংশ নেন ওজিল।

রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক ফুটবলার মেসুত ওজিল ২০১৪ ফিফা বিশ্বকাপের শিরোপাজয়ী জার্মানি দলের সদস্য ছিলেন। ২০১৮ সালে তিনি জার্মান জাতীয় দল থেকে অবসর নেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ওজিল খেলেছেন ৬৪৫ ম্যাচ, গোল করেছেন ১১৪টি।