দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধার বন্দোবস্ত নেওয়া জমি বেদখল

উপজেলা ভূমি জরিপকারী জমির সীমানা নির্ধারণ করে দিয়েছেন। এরপরও ওই জমিতে জোর করে টিনের বেড়া ও ঘর তোলা হয়েছে।

বন্দোবস্ত নেওয়া জমিতে জোর করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। গত রোববার দিনাজপুর সদর উপজেলার মোমিনপাড়া এলাকায়
 ছবি: প্রথম আলো

দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. পাভেলের বিরুদ্ধে এক বীর মুক্তিযোদ্ধার বন্দোবস্ত নেওয়া জমি দখল করার অভিযোগ উঠেছে। তিনি উপজেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সহসভাপ‌তি।

এ বিষয়ে ভুক্তভোগী আবুল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ও থানায় লিখিত অভিযোগ করেছেন। উপজেলা ভূমি জরিপকারী সেখানে জমির সীমানা নির্ধারণ করে দিয়েছেন। এরপরও রাতের আঁধারে ওই ইউপি সদস্য ও তাঁর ভাই জমিতে টিনের বেড়া ও ঘর তুলেছেন।

আবুল হোসেনের আদি বাড়ি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট নতুনবস্তী এলাকায়। স্বাধীনতার পর তিনি দিনাজপুর শহরের লালবাগ এলাকায় এসে থিতু হন। সেখানেই বিয়ে করে সংসার শুরু করেন। ভূমিহীন হওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের কাছে খাসজমি বন্দোবস্তের আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে দিনাজপুরের সহকারী কমিশনার (ভূমি) মোমিনপাড়া এলাকায় পুনর্ভবা নদীর পাড়–সংলগ্ন ২২ শতক জমি বন্দোবস্ত দেন আবুল হোসেনকে।

গত ৬ জুলাই বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ইউএনও এবং থানায় লিখিত অভিযোগ দেন। এতে তিনি বলেন, বন্দোবস্ত পাওয়া ১০ শতক জমিতে তিনি বসতবাড়ি তুলেছেন। বাড়ি করার অর্থায়নও করেছেন স্থানীয় সংসদ সদস্য। অন্য ১২ শতক জমিতে শাকসবজি আবাদ করেন। পাশাপাশি তিনি কিছু গাছও লাগিয়েছিলেন। গত বছর স্থানীয় ইউপি সদস্য মো. পাভেল তাঁর ভাইদের নিয়ে জমির সীমানাখুঁটি তুলে দিয়ে গাছপালা কেটে ফেলেন। এরপর আবুল হোসেন ইউএনওর কার্যালয় এবং কোতোয়ালি থানায় লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েছেন। সর্বশেষ ২৪ জুলাই উপজেলা সার্ভেয়ার তদন্ত করে আবারও সীমানা নির্ধারণ করেন এবং জমি বুঝিয়ে দেন। ওই রাতেই পাভেল ও তাঁর ভাইয়েরা আবার জমিতে টিনের বেড়া দেওয়াসহ ঘর তুলে জমি দখলে নিয়েছেন।

আবুল হোসেন বলেন, ‘অভিযোগ নিয়ে একবার যাচ্ছি উপজেলায়, একবার যাচ্ছি থানায়। উপজেলা বলছে, আমরা তো জমি বুঝিয়ে দিয়েছি। যারা দখল করতে আসছে তাদের নামে থানায় অভিযোগ করেন। থানায় বলছে, সরকার জমি বুঝে দিয়েছে, তাদের কাছে অভিযোগ করেন। বিষয়টার সমাধান হচ্ছে না।’

গত শনিবার বাঙ্গিবেচা মোমিনপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, নদীর পাড় থেকে ৫০০ গজ দূরে আবুল হোসেনের আধা পাকা বাড়ি। বসতবাড়ির চারপাশে সীমানাখুঁটিসহ টিনের বেড়া দেওয়া আছে। বাড়ির পূর্ব দিকে অপেক্ষাকৃত উঁচু ১২ শতক আবাদি জমি। সেখানে নতুন করে টিনের বেড়া দিয়ে আবুল হোসেনের জমি দখল করা হয়েছে।

জমি দখলের বিষয়ে ইউপি সদস্য মো. পাভেল বলেন, ওই জমির সঙ্গে লাগোয়া তাঁদেরও জমি রয়েছে। ওই ১২ শতক জমির একপাশে এক দম্পতি আগে থেকেই বসবাস করছেন। মূলত তাঁরাসহ আজিজার রহমান নামের এক ব্যক্তি জমি দখলে নিয়েছেন। ঘটনার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই; বরং তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা শাহ বলেন, জমি দখলের বিষয়ে মুক্তিযোদ্ধা আবুল হোসেন একবার মৌখিকভাবে জানিয়েছিলেন। তৎক্ষণাৎ পুলিশ পাঠানো হয়েছে। তবে সরকার যেহেতু জমি বন্দোবস্ত দিয়েছে, এ জন্য তাঁকে ইউএনওর কাছে অভিযোগ করার জন্য বলা হয়েছিল।

ইউএনও রমিজ আলম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাকে জমি বুঝিয়ে দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই জমি অন্য কেউ দখলে নিয়ে টিনের বেড়া দিয়েছেন বলে জেনেছি। যিনি এই কাজ করেছেন, তিনি ফৌজদারি অপরাধ করেছেন। তাঁকে থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।’