
দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে মাগুরা শহরের চাউলিয়া বাসস্ট্যান্ডে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২০১১ সাল থেকে ট্রিপ ভাগাভাগি নিয়ে দুই জেলা মালিক সমিতির বিরোধের জেরে এই রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই রুট আবার সচল করতে তিনি নড়াইল-১ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করেছেন বলে মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
২০১১ সাল থেকে সরাসরি বাস বন্ধ থাকায় মাগুরা থেকে নড়াইলগামী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হতো। যাত্রীরা মাগুরার বাসে চাউলিয়া থেকে শালিখা উপজেলার গঙ্গারামপুর পর্যন্ত গিয়ে নামতেন এবং সেখান থেকে কিছু দূর গিয়ে আবার নড়াইলের বাসে উঠতে হতো। সরাসরি বাস চালু হওয়ায় এই ভোগান্তি দূর হবে। সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
মাগুরা বাস–মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদ বলেন, ‘দীর্ঘদিন ধরে এই রুটে সরাসরি গাড়ি চলাচল ছিল না। দুই জেলার মালিক সমিতির মধ্যে হিস্যা নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হতো, এটাই মূল কারণ ছিল। আমি মনে করি, এবার যাত্রীদের ভোগান্তি কমবে। সরাসরি যাওয়া আর ভেঙে ভেঙে যাওয়া তো এক না।’ তিনি জানান, এখন থেকে নির্দিষ্ট সময়সূচি মেনে দুই জেলার মধ্যে বাস চলাচল করবে।
শনিবার এই রুটে চালু হওয়া প্রথম বাসের যাত্রীদের একজন আরাফাত হোসেন বলেন, ‘কাজের সূত্রে প্রায়ই নড়াইল যাতায়াত করতে হয়। মাঝে বাস বদল করতে অনেক ভোগান্তি ও খরচ হতো। বিশেষ করে ব্যাগ বা অন্য কোনো জিনিস সঙ্গে থাকলে চিন্তার শেষ ছিল না। এখন একটু স্বস্তি পাচ্ছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ইসহাক মল্লিকসহ মালিক সমিতির নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।