
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সতর্ক করা হলো নওগাঁ-৫ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিলকে। আজ সোমবার বিকেলে নিজাম উদ্দিন জলিলকে চিঠি পাঠিয়ে এ সতর্কবার্তা দেন নওগাঁ-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবিন শীষ।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন ৮ ডিসেম্বর নওগাঁ পৌরসভার চকএনায়েত হিরো টাউন দারুস সালাম জামে মসজিদের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। একই দিনে তিনি উপজেলার দুবলহাটি ইউনিয়নের মাতাসাগর হাটে নির্বাচনী জনসভা করেন, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার (২০০৮) লঙ্ঘন। এ জন্য তাঁকে সতর্ক করা হয়।
সূত্রটি আরও জানায়, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীর কাছে কোনো ব্যাখ্যা জানতে চাওয়া হয়নি। একজন স্বতন্ত্র প্রার্থীর করা লিখিত অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজাম উদ্দিনের সভা-সমাবেশের ছবি ও ভিডিও সহকারী রিটার্নিং কর্মকর্তার দৃষ্টিগোচর হলে তিনি এ চিঠি দেন।
চিঠির বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মওলা বলেন, ‘নির্বাচনী সুষ্ঠু পরিবেশ ও সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের অর্পিত দায়িত্ব হিসেবে আমরা কাজ করছি। প্রশাসনের কর্মকর্তা ছাড়াও নির্বাচন কমিশনের নিয়োগ করা নির্বাচনী অনুসন্ধানী কমিটিও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে।’
নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক বলেন, ‘আমাদের প্রার্থী নির্বাচনী বিধি মেনেই এলাকায় অবস্থান করছেন। প্রতিপক্ষরা তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মিথ্যা অভিযোগ করেছে। তাঁর পরিপ্রেক্ষিতেই সহকারী রিটার্নিং কর্মকর্তা চিঠি দিয়েছে।’