চাকরির সন্ধানে এসে দুর্বৃত্তদের হাতে তরুণ খুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৬) নামের এক তরুণ খুন হয়েছেন। আজ রোববার ভোরে পঞ্চবটি মেথরখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তিনি শেরপুর সদর উপজেলার গাজীর খামার গ্রামের মোতালেব হুসাইনের ছেলে। তাঁর স্বজনেরা জানিয়েছেন, চাকরির উদ্দেশ্যে শেরপুর থেকে মুন্সিগঞ্জে যাওয়ার পথে নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন তিনি।

সাইফুল ইসলামের ভগ্নিপতি শফিকুল ইসলাম বলেন, ‘আমি মুন্সিগঞ্জে আকিজ গ্রুপের ম্যাচ ফ্যাক্টরিতে কাজ করি। শ্যালক সাইফুল ইসলাম বেকার ছিলেন। আমাকে একটা কাজের জন্য বলেছিলেন। চাকরির জন্য তাকে মুন্সিগঞ্জে আসার জন্য বলি। শনিবার রাতে শেরপুর থেকে বাসে রওনা দিয়ে রোববার ভোররাত চারটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে এসে নামে সে। ফোন দিলে আমি তাকে মুন্সিগঞ্জে আসার জন্য অটোরিকশায় মোক্তারপুর আসতে বলি। এর কিছুক্ষণ পর পুলিশ জানায় সাইফুলকে হত্যা করেছে দুর্বৃত্তরা।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, সাইফুলের বাঁ হাতে ও পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। নিহত সাইফুলের পকেটে তাঁর এনআইডি কার্ড পাওয়া গেছে। তবে তাঁর সঙ্গে থাকা মুঠোফোনসহ অন্যান্য জিনিসপত্র ঠিক ছিল।

ওসি রিজাউল হক আরও বলেন, এটি হত্যা নাকি দুর্ঘটনা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তা নিশ্চিত করে বলা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।