নাটোরে ঈদের দিন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা আলী আজগর ভূঁইয়া
নাটোরে ঈদের দিন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা আলী আজগর ভূঁইয়া

ঈদের দিন শ্বশুরবাড়িতে গিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

নাটোরে ঈদের দিন শ্বশুরবাড়িতে গিয়ে আলী আজগর ভূঁইয়া (৫০) ওরফে খোকন মাস্টার নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার হাজিগঞ্জ এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আলী আজগর ভূঁইয়া উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি নাটোর শহরের শেরেবাংলা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

ভুক্তভোগীর পরিবারের ভাষ্য, ঈদের নামাজ আদায় শেষে আলী আজগর ভূঁইয়া তাঁর শ্বশুর মজিবুর রহমানের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার দিকে যুবদল নেতা শাহীনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল শ্বশুরবাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আলী আজগর ভূঁইয়াকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহিন বলেন, রাজনৈতিক কারণে তাঁর ওপর এমন অভিযোগ আসাটা স্বাভাবিক। তবে এই হামলার সঙ্গে কারা জড়িত, তা তিনি জানেন না। ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না বলেও দাবি করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তি আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় কিছু দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।