
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম গতকাল বৃহস্পতিবার ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৯৮ টাকা, যা গত জানুয়ারি মাসে ছিল ১ হাজার ২৩২ টাকা। তবে এ মূল্যবৃদ্ধির আগে থেকেই খুলনার বাজারে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে, তা–ও ঠিকমতো পাওয়া যাচ্ছে না।
খুলনার বিভিন্ন বাজার ঘুরে খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ গ্যাস সরবরাহকারী কোম্পানির সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। যেসব কোম্পানির সিলিন্ডার পাওয়া যাচ্ছে, সেগুলো সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে কিনতে হচ্ছে বলে দাবি করছেন তাঁরা। এ জন্য খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
গত মাসেই খুলনার মিয়াপাড়া পাইপের মোড় এলাকার বাসিন্দা সজীব প্রতি সিলিন্ডার গ্যাস কিনেছেন ১ হাজার ৫৫০ টাকা দিয়ে। এখন সিলিন্ডারের দাম আরও ১০০ থেকে ১৫০ টাকা বেশি চাওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে নগরের পূর্ব বানিয়াখামার এলাকার এক বিক্রেতা বলেন, এখন অগ্রিম টাকা দিয়েও কোম্পানিগুলো থেকে এলপি গ্যাস পাওয়া যাচ্ছে না। কোম্পানি থেকে বলা হচ্ছে, তাদের কাছে পর্যাপ্ত এলপি গ্যাস নেই। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে খুলনায় গ্যাসের সংকট খুবই তীব্র ছিল। চলতি মাসের শুরুতে গ্যাস সিলিন্ডার কিছুটা হলেও পাওয়া যাচ্ছে, তবে দাম বেশি।
খুলনার মিয়াপাড়া পাইপের মোড় এলাকার বাসিন্দা মো. সজীব প্রথম আলোকে বলেন, গত মাসেই তিনি প্রতি সিলিন্ডার গ্যাস কিনেছেন ১ হাজার ৫৫০ টাকা দিয়ে। এখন সিলিন্ডারের দাম আরও ১০০ থেকে ১৫০ টাকা বেশি চাওয়া হচ্ছে। তাঁর ছয় সদস্যের পরিবারের জন্য প্রতি দেড় মাসে দুটি সিলিন্ডার লাগে। এতে প্রতি মাসে গ্যাসের পেছনে তাঁর দুই হাজার টাকার বেশি খরচ হয়। এই খরচ আরও বেড়ে গেলে সংসার চালাতে হিমশিম খাবেন তিনি।
সরকার নির্ধারিত দামের বিষয়ে জানতে চাইলে সজীব বলেন, সরকারি দাম তো কাগজে–কলমে। কখন বাড়ে, কখন কমে, সেটা বোঝা দায়। বাড়লে যদিও টের পাওয়া যায়, কিন্তু সরকার কমালেও দোকানে তো কমে পাওয়া যায় না।
শহরের বি কে মেইন রোডের পাইকারি দোকান মেসার্স জুয়েল ট্রেডার্সের মালিক মো. নূর আলম বলেন, ‘চাহিদামতো গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। চাচ্ছি ৫০টা, পাচ্ছি ১০টা। কিনতেও হচ্ছে বেশি দামে। গ্যাস মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিস। দাম বেশি লাগলেও তাঁদের কিনতে হচ্ছে। আমরাও নিরুপায়।’
জুয়েল নামের এক খুচরা বিক্রেতা বলেন, ‘কাস্টমারের (ক্রেতা) সঙ্গে ভুল–বোঝাবুঝি হচ্ছে। কাস্টমার তো পেপার–টিভিতে দেখছেন, সরকার দাম বেঁধে দিয়েছে। আমরা কেন বেশি চাচ্ছি, সেটা তাঁরা বুঝতে চান না। তাঁরা ভাবেন, আমরা বোধ হয় বেশি লাভ করছি। কিন্তু আমরাও তো কিনছি বেশি দামে।’
আজ শুক্রবারও জুয়েল বেশি দামে সিলিন্ডার কিনেছেন দাবি করে বলেন, ‘আজ আমরা প্রতি সিলিন্ডার ১ হাজার ৫৫০ টাকায় কিনছি। তাহলে আমরা কত দামে বেচব বলেন? আবার সিলিন্ডার চেয়েও পাচ্ছি না। আমরা তো আর বুঝতে পারছি না, ডিলার মজুত করে রাখছে, নাকি কোম্পানি সত্যিই উৎপাদন সংকটে আছে।’
খুলনা এলপিজি গ্যাস দোকান মালিক সমিতির সভাপতি তোবারক হোসেন প্রথম আলোকে বলেন, প্রধান সমস্যাই হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সরবরাহকারী কোম্পানির কাছ থেকে গ্যাস কিনতে হচ্ছে। আবার কোম্পানিগুলো গ্যাস সিলিন্ডার দিচ্ছে না। ৮-৯টি কোম্পানির কোনো গ্যাসের সরবরাহ নেই। কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, এলসি খোলা যাচ্ছে না, ডলার–সংকট, কাঁচামাল বেশি দামে কিনতে হচ্ছে, তাই গ্যাস পাওযা যাচ্ছে না।
পুরো বিষয়টি গ্যাস সরবরাহকারী কোম্পানির নিয়ন্ত্রণে দাবি করে তোবারক হোসেন বলেন, ‘আমাদের খুচরা বিক্রেতাদের হাতে কিছু নেই। গ্যাস বিক্রি নিয়ন্ত্রণ করে ৮-১০টি কোম্পানি। তারা যা বলবে, সেটা মেনে নিয়েই আমাদের চলতে হয়।’