ইন্দুরকানিতে জোয়ারের পানিতে ভেসে চরে আটকাল যুবকের অর্ধগলিত লাশ

লাশ
প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কচা নদীর সাউদখালী চর থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ইন্দুরকানি থানায় হত্যা মামলা করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার সাউদখালী চরের কচা নদীর তীরে এক ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পান চরের বাসিন্দারা। বিষয়টি স্থানীয় লোকজন বালিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেনকে জানালে তিনি ইন্দুরকানি থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করে। আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশটি পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে লাশটি নদী থেকে ভেসে এসে চরে আটকা পড়েছে। লাশটি ১০ থেকে ১২ দিন দিন পানিতে ছিল। মৃত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, সাউদখালী নদীর চর থেকে অর্ধগলিত অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি অনেক দিন পানিতে থাকায় চেহারা বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। লাশটি উদ্ধারের ব্যাপারে দেশের সব থানায় বেতারবার্তা ও ই–মেইল করা হয়েছে।