
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো. মাঈনুদ্দিন মিয়া (৩৫) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালের দিকে এ তথ্য নিশ্চিত করেন নিহত যুবকের ভাতিজা মো. মাহবুব রহমান।
নিহত মাঈনুদ্দিন মিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের মৃত আবদুল হাকিম ভূঁইয়ার ছেলে। নিহত ব্যক্তির ভাতিজা মাহবুব রহমান বলেন, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ১৫ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান মাঈনুদ্দিন। সৌদি আরবের দাম্মাম শহরে গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি মাঈনুদ্দিনের চাচাতো ভাই ও সৌদি আরবপ্রবাসী ইসমাইল মুঠোফোনে তাঁদের জানিয়েছেন।
দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মুসা মিয়া বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে ১৫ মাস আগে মাঈনুদ্দিন সৌদি আরবে যান। মাঈনুদ্দিনের মা-বাবা নেই। পাঁচ ভাইয়ের মধ্যে মাঈনুদ্দিন সবার ছোট। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
এদিকে মাঈনুদ্দিনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম। বাবার লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নিহত মাঈনুদ্দিনের সন্তানসহ আত্মীয়স্বজনেরা।
মাঈনুদ্দিনের ভাই মো. সোলেমান বলেন, তাঁর ভাইয়ের লাশ বর্তমানের দাম্মাম শহরের একটি বেসরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাঈনুদ্দিনের লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।