
মেয়াদের বাকি ছয় মাসের মধ্যে অবশিষ্ট ৫৫ শতাংশ কাজ শেষ হবে না বলে মনে করেন স্থানীয় লোকজন।
যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া থেকে মণিহার প্রেক্ষাগৃহ হয়ে মুড়লি মোড় পর্যন্ত যশোর-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে দুই বছর ধরে। এ প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। অথচ ১৩৭ কোটি টাকার প্রকল্পটির কাজ হয়েছে মাত্র ৪৫ শতাংশ।
মেয়াদের বাকি ছয় মাসের মধ্যে অবশিষ্ট ৫৫ শতাংশ কাজ শেষ হবে না বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
স্থানীয় ১০-১২ জন বাসিন্দার সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকের। তাঁদের অভিযোগ, সড়কে নিম্নমানের ইটের খোয়া ও পাথর ব্যবহার করা হচ্ছে। সড়কের পাশে নির্মাণাধীন ড্রেনের তলদেশের স্তর যথাযথভাবে নির্মিত হচ্ছে না। আবাসিক এলাকার পানি ওই ড্রেন দিয়ে নিষ্কাশনের পথ রাখা হয়নি। ফলে ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়কের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
এ প্রকল্পের কাজ করছে ঢাকার আতাউর রহমান খান লিমিডেট ও মাহবুব ব্রাদার্স (প্রা.) লিমিটেড নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২০ সালের ১৯ নভেম্বর দেওয়া ওই কার্যাদেশে ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও তা হয়নি। যে কারণে আরও দেড় বছর বাড়িয়ে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সময় নেওয়া হয়েছে।
নির্মাণকাজের অগ্রগতি দেখতে সওজ বিভাগের কর্মকর্তাদের এখানে কখনোই দেখা যায় না। স্থানীয় মানুষের অভিযোগ থাকলেও কার কাছে জানাবেন?সেলিম রেজা, স্থানীয় ব্যবসায়ী
প্রকল্পের অগ্রগতির বিষয়ে সওজ বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘প্রকল্পের ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি, ছয় মাসের মধ্যে অবশিষ্ট ৫৫ শতাংশ কাজ শেষ করা যাবে। তবে এখনো ফল বাজার এলাকার ১৫০ মিটার সড়কের পাশের জায়গা নিয়ে আদালতে মামলা চলছে। মামলা নিষ্পত্তি না হলে ওই অংশে কাজ করা যাচ্ছে না।’
ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের প্রকল্প পরিচালক কামরুজ্জামান বলেন, ‘মণিহার এলাকার আধা কিলোমিটার জায়গা সওজ বিভাগ এখনো আমাদের বুঝিয়ে দিতে পারেনি। তা ছাড়া সড়কের মাঝে এখনো বিদ্যুতের খুঁটি রয়ে গেছে। অবৈধ স্থাপনাও উচ্ছেদ হয়েছে দেরিতে। এসব কারণে প্রকল্পের কাজ ধীরগতিতে চলেছে এত দিন। তবে এখন দ্রুতই কাজ শেষ হয়ে যাবে।’
সম্প্রতি ওই সড়কে গিয়ে দেখা গেছে, ব্যস্ততম মণিহার প্রেক্ষাগৃহ মোড় ও পাইকারি ফল বাজারের সামনের আধা কিলোমিটার সড়কে এখনো কোনো কাজ শুরু হয়নি। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের মূল ফটকের সামনের সড়কের মাঝে এখনো বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এ সড়কের কাজের জন্য অপসারণের কথা ছিল অবৈধভাবে গড়ে তোলা চারতলা কোকো আবাসিক হোটেল। এখনো সেটি অপসারণ করা হয়নি।ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাষ্য, যশোর-নড়াইল সড়কের বিজয়স্তম্ভের দক্ষিণ পাশে সড়ক ও জনপথ কর্তৃপক্ষের (সওজ) পাঁচ শতক জমি ইজারা দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। সেখানে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে কোকো আবাসিক হোটেল। এটি অপসারণের উদ্যোগ নেওয়া হলে ভবনের মালিক আদালতে মামলা করেন। যে কারণে উচ্ছেদ করা যাচ্ছে না।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে ছবি তুলছিলেন এই প্রতিবেদক। এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে সড়ক নির্মাণকাজের নানা অনিয়মের অভিযোগ করেন। সড়কের পাশে মোটর যন্ত্রাংশের ব্যবসায়ী সেলিম রেজা বলেন, ‘সড়ক খুঁড়ে পাওয়া পুরোনো ইটের খোয়ার সঙ্গে বালু মিশিয়ে তা নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে। ওই খোয়া অত্যন্ত নিম্নমানের। এ ছাড়া সড়কে ব্যবহৃত পাথরের মানও খারাপ। ড্রেন নির্মাণে যতটুকু গভীরতা থাকা উচিত, সেটা ঠিক থাকছে না। ফলে বর্ষার পানি ওই ড্রেন দিয়ে নিষ্কাশিত হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।
সেলিম রেজা আরও বলেন, নির্মাণকাজের অগ্রগতি দেখতে সওজ বিভাগের কর্মকর্তাদের এখানে কখনোই দেখা যায় না। কাজের বিষয়ে স্থানীয় মানুষের অভিযোগ থাকলেও কার কাছে জানাবেন?
এসব অভিযোগে বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, পুনর্নির্মাণের জন্য সড়ক খুঁড়ে পাওয়া ইটের খোয়ার মান ভালো। ওই খোয়া ক্রাশিং করে আবার ব্যবহারের নিয়ম রয়েছে। এ জন্য ঠিকাদারের কাছ থেকে দুই কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। পানিনিষ্কাশনের জন্য নালার দেয়ালে ভেন্টিলেট বা ছিদ্র করে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। সওজের লোকজন সার্বক্ষণিক কাজের পাশে থাকেন।
স্থানীয়দের ভাষ্য, ব্যস্ততম এ সড়ক দিয়ে যশোর-খুলনা ও যশোর-সাতক্ষীরা সড়কপথে প্রতিদিন কয়েক শ যানবাহন চলাচল করে। দিনের বেলা সারাক্ষণ ধুলা উড়তে থাকে। ধুলা ওড়া বন্ধ করতে সড়কে সারাক্ষণ পানি ছিটানোর কথা থাকলেও দিনে মাত্র একবার পানি দেওয়া হয়।
এ বিষয়ে মাহবুব ব্রাদার্সের প্রকল্প পরিচালক কামরুজ্জামান বলেন, ‘দুটি গাড়িতে করে সার্বক্ষণিক রাস্তায় পানি ছিটানো হয়। তবে গাড়ির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কখনো কখনো সেটা একটু কমে যায়। স্থানীয় ব্যবসায়ীরা ঢালাওভাবে অভিযোগ করছেন।’