গাজীপুরে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ খোলাপাড়া এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন গাজীপুরের কোনাবাড়ী থানার হরিনাচালা হাউজিং এলাকার হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান রিপন (৪৫) ও একই এলাকার সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে মাহমুদুল হাসান চঞ্চল (৩৮)। নিহত হাফিজুর ঝুট ব্যবসায়ী ছিলেন। আর নিহত মাহমুদুল একটি হাসপাতাল দেখাশোনার কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকা থেকে মোটরসাইকেলে করে হাফিজুর রহমান ও মাহমুদুল হাসান কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকায় যাচ্ছিলেন। তাঁরা আমবাগ খোলাপাড়া এলাকার রেলক্রসিং অতিক্রম করছিলেন। এ সময় ঢাকাগামী চলন্ত একটি ট্রেনের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই হাফিজুর ও মাহমুদুল মারা যান।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাদির উজ-জ্জামান বলেন, ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।