
নাটোর শহরে আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের অন্তত পাঁচ নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক নেতাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে ও সন্ধ্যায় শহরের মাদ্রাসা মোড় ও বড়গাছা এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সমর্থকেরা একে অপরের ওপর হামলা করেন।
পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে সংসদ সদস্য শফিকুল ইসলামের ছবি সরিয়ে ফেলেন শরিফুল ইসলামের সমর্থকেরা। এ ঘটনায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে সংসদ সদস্য নাটোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পরপরই তাঁর কিছু সমর্থক শহরের মাদ্রাসা মোড়ে উপজেলা চেয়ারম্যানের সমর্থক শ্রমিক লীগ নেতা মো. আশার (৪০) ওপর হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন। সন্ধ্যায় শহরের বড়গাছা এলাকায় উপজেলা চেয়ারম্যানের অনুসারী জেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাহরিয়ার হোসেন ওরফে রিয়ন (২৮), স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদুর পারভেজ (৫২) ও ছাত্রলীগের সাবেক নেতা বুলবুল হোসেনের (৩৭) ওপর হামলা করেন সংসদ সদস্যের অনুসারীরা। এ সময় শাহরিয়ারকে রক্ষা করতে গিয়ে সংসদ সদস্যের অনুসারী বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসলাম আহত হন। স্থানীয় ব্যক্তিরা আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে শাহরিয়ারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, আহত পাঁচজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত আছে। তাঁদের মধ্যে শাহরিয়ারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংসদ সদস্য শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মারপিটের ঘটনার কথা দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে তিনি শুনেছেন। দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে তাঁর ছবি সরানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলামের উচ্ছৃঙ্খল সমর্থকেরা এ বিশৃঙ্খলার জন্য দায়ী।
তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, সংসদ সদস্য শফিকুল ইসলাম জামায়াত-বিএনপি থেকে আসা সন্ত্রাসীদের লালন-পালন করছেন। তাঁরাই শান্ত নাটোরকে অশান্ত করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’