
নরসিংদীর রায়পুরার শ্রীনগরে দেড় বছর বয়সী ছেলেকে নিয়ে বিষপান করেন এক মা। পরে দুজনেরই মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
বিষপানে মারা যাওয়া দুজন হলেন দেড় বছর বয়সী শিশু আহসাফ ও তাঁর মা ফেরদৌসি বেগম (২০)। মারা যাওয়া ফেরদৌসি বেগম রায়পুরার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ গ্রামের প্রধান বাড়ির রাকিব মিয়ার স্ত্রী। তিন বছর আগে পারিবারিকভাবে রাকিব ও ফেরদৌসির বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তান আহসাফ।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা বলছেন, রাকিব মিয়া ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও নিয়মিত জুয়া খেলেন। অভাবের সংসারে স্থানীয় একটি এনজিও থেকে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ নিয়েছিল পরিবারটি। প্রতি সপ্তাহে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিল তারা। গতকাল রাতে এ নিয়ে রাকিব-ফেরদৌসি দম্পতির মধ্যে কথা–কাটাকাটি হয়। সকালে অটোরিকশা নিয়ে রাকিব বাড়ি থেকে বের হওয়ার পর রাগে রান্না করা ভাতের সঙ্গে ঘরে থাকা ইঁদুর মারার বিষ মিশিয়ে দেন ফেরদৌসি। সকাল ১০টার দিকে ওই ভাত ছেলে আহসাফকে মুখে তুলে খাওয়ান তিনি। এরপর নিজেও ওই ভাত খান। এর পর থেকেই বমি করছিলেন মা–ছেলে।
প্রতিবেশী এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি মা–ছেলের বমি করার শব্দ শুনে তাঁদের ঘরের দরজার সামনে যান। ওই সময় দরজা ভেতর থেকে বন্ধ ছিল। একপর্যায়ে দরজা ভেঙে তিনি ওই ঘরে যান। কী হয়েছে জানতে চাইলে ফেরদৌসি বলেন, প্রতিদিনের এই ঝগড়াঝাঁটি তাঁর আর ভালো লাগে না। ভাতের সঙ্গে ইঁদুর মারার বিষ মিশিয়ে মা–ছেলে খেয়েছেন।
ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে মা–ছেলেকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালটিতে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হলে স্বজনেরা তার লাশ বাড়িতে নিয়ে যান।অন্যদিকে ফেরদৌসিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত ঢাকায় নিতে বলেন। ঢাকায় নেওয়ার পথে ফেরদৌসির মৃত্যু হয়। খবর পেয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পী কবিরাজ ঘটনাস্থলে গিয়ে মারা যাওয়া শিশু আহসাফের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠান।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাজরিয়ান আক্তার বলেন, বিষক্রিয়ায় আক্রান্ত ফেরদৌসি আক্তার নামের ২০ বছর বয়সী এক নারীকে বেলা ১১টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কী হয়েছে, তাঁরা জানেন না।
এই বিষয়ে রাকিব মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। তাঁর বক্তব্য জানা যায়নি। ওই বাড়িতে গিয়ে পরিবারের অন্য কোনো সদস্যের দেখা মেলেনি। স্থানীয় ব্যক্তিরা বলছেন, বাড়িটিতে তিনজনই থাকতেন। রাকিবের মা-বাবা চট্টগ্রামে থাকেন।
জানতে চাইলে রায়পুরা থানার এসআই বাপ্পী কবিরাজ বলেন, দুজনেরই বিষপানে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।