লাইনচ্যুত দুই বগি রেখে বিজয় এক্সপ্রেস যাত্রা করেছে ময়মনসিংহের দিকে

লাইনচ্যুত দুটি বগি রেখে বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের দিকে ছেড়ে গেছে। আজ শনিবার বেলা ১২টার দিকে ভাটিয়ারি রেলস্টেশন এলাকায়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে দুটি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি আবারও ময়মনসিংহের দিকে যাত্রা করেছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ভাটিয়ারি স্টেশনে ঢোকার সময় ট্রেনের পেছন থেকে বগি দুটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। পরে বগি দুটি রেখে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি আবারও যাত্রা করে।

ভাটিয়ারি স্টেশন মাস্টার সঞ্জীব দাস প্রথম আলোকে বলেন, ট্রেনটির শেষ থেকে দ্বিতীয় ও তৃতীয় বগি লাইনচ্যুত হওয়ায় এই দুটি বগি রেখে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি বাকি ১১টি বগি নিয়ে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পূর্বাঞ্চল রেলওয়ে।

এদিকে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পূর্বাঞ্চল রেলওয়ে। ওই কমিটিকে স্বল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পূর্বাঞ্চল রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) তারেক মোহাম্মদ ইমরান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার তদন্তের জন্য তাঁকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর তিনি তদন্তকাজ শুরু করেছেন। অল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।