
চট্টগ্রামের রাউজান উপজেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশের (এপিবিএন) পিকআপ ভ্যান ও ইটবাহী একটি ট্রাকের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পিংক সিটি এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন এপিবিএনের উপপরিদর্শক মুহাম্মদ ফারুক, কনস্টেবল মুহাম্মদ মান্নান, মাসুদ, পুলিশের গাড়িতে থাকা মো. শামীম নামের একজন ও ট্রাকটির এক শ্রমিক। প্রাথমিকভাবে আহত ওই শ্রমিকের নাম জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙামাটি থেকে এপিবিএনের পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো ইউ ১৪-২১২৪) করে একদল পুলিশ ঢাকার উত্তরায় যাচ্ছিল। পিংক সিটি এলাকায় ওই পিকআপ ভ্যান ও ইটবাহী ট্রাকের (রাঙামাটি ন-০২-০০১০) সংঘর্ষ হয়। এতে এপিবিএনের তিন সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ইটবাহী ট্রাকের চালক বাবর বড়ুয়া বলেন, ‘আমি ইট নিয়ে যাওয়ার পথে পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিংক সিটির দেয়ালের একটি পিলার ভেঙে গেছে। পিকআপ ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।’
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম প্রথম আলোকে বলেন, ঘটনার পর গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আর আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।