রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা

সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে বাদী ও সাক্ষীদের কেউ আদালতে আসেননি

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আজ মঙ্গলবার রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। প্রথম দিন সাক্ষ্য দিতে মামলার বাদী ও অপর ছয় সাক্ষীকে আদালতে উপস্থিত থাকতে সমন জারি করা হয়েছিল। কিন্তু বিকেল পর্যন্ত বাদী ও সাক্ষীদের কেউ আদালতে হাজির হননি।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার আরসার (আরাকান স্যালভেশন আর্মি) ১৫ আসামিকে আজ সকাল ১০টার দিকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কিন্তু বাদী-সাক্ষীদের কেউ উপস্থিত হননি। এ মাসের শেষের দিকে সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ঘোষণা করতে পারেন আদালত। তখন বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। এ মামলার সাক্ষী ৩৮ জন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া আশ্রয়শিবিরের ডি ব্লকে ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ (এআরএসপিএইচ) কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। এ ঘটনায় মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ১৩ জুন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরসার ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন। তবে নাম-ঠিকানা শনাক্ত না হওয়ার অজুহাতে অভিযোগপত্র থেকে মুহিবুল্লাহ হত্যার পরিকল্পনাকারী ও আরসার কমান্ডার আতাউল্লাহ আম্মার জুনুনি, অপর ছয় সহযোগী ও আরসা নেতা ওস্তাদ খালেদ ওরফে খালিদ, ওস্তাদ হাশিম, ইব্রাহিম, আলমগীর, শুভ ওরফে আলমগীর ও মৌলভি মোস্তাককে বাদ দেওয়া হয়। গত ১১ সেপ্টেম্বর ২৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন জেলা ও দায়রা জজ আদালত।

পুলিশ জানায়, বর্তমানে মুহিবুল্লাহর স্ত্রী-সন্তান, ভাইয়ের পরিবারসহ ২৫ জন সদস্যকে দুই দফায় কানাডায় স্থানান্তর করা হয়েছে। মামলার বাদী হাবিবুল্লাহ পুলিশি নিরাপত্তায় আছেন। আরসার প্রাণনাশের হুমকিতে তটস্থ থাকেন হাবিবুল্লাহসহ মামলার সাক্ষীরা।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ বলেন, শরণার্থী হিসেবে মুহিবুল্লাহর পরিবারের ২৫ সদস্যকে দুই দফায় কানাডায় স্থানান্তর করা হয়েছে। মুহিবুল্লাহ হত্যা মামলার রায় না হওয়া পর্যন্ত মামলার বাদীকে (হাবিবুল্লাহ) আশ্রয়শিবিরে থাকতে হবে। তাঁর নিরাপত্তা দিচ্ছে এপিবিএন।