
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ভ্যানের অপর দুই যাত্রী। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডাঙ্গি ইউনিয়নের শংকর পাশা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বিল্লাল মাতুব্বর (৫৫)। তিনি উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীঙাল গ্রামের জলিল মাতুব্বরের ছেলে। আহত দুজন হলেন একই গ্রামের তাইজুদ্দিন শেখের ছেলে পান্নু শেখ (৬০) ও আছিরুদ্দিন শেখের ছেলে গনি শেখ (৬৫)। আহত দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিল্লালসহ তিন ব্যক্তি ভ্যানে করে শংকর পাশা বাজারে যাচ্ছিলেন। বরিশালগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান থেকে যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। এতে বিল্লাল কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন গাড়ির চালক ও তাঁর সহকারীকে মারধর করায় তাঁরা আহত হন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।