‘পাতানো’ নির্বাচনে সাত্তার ভূঁইয়ার জয়ে আ.লীগ নেতা-কর্মীদের ‘হৃদয়ে রক্তক্ষরণ’

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচন নিয়ে অন্য প্রার্থীদের মতো আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বেশ অসন্তুষ্ট। এ অসন্তুষ্টির কারণ আলাদা। অন্য প্রার্থীদের সরাসরি অভিযোগ ‘পাতানো’ নির্বাচনটির পদ্ধতি নিয়ে। আর আওয়ামী লীগের নেতা-কর্মীদের আক্ষেপ আজীবন বিএনপির রাজনীতি করে আসা আবদুস সাত্তার ভূঁইয়ার পক্ষে ‘বাধ্য হয়ে’ কাজ করা নিয়ে। তাঁদের শঙ্কা, সাত্তার ভূঁইয়ার বিজয়ে এই আসনে আগামী দিনগুলোয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্তিত্বসংকটে পড়বেন।

গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হয়। এতে ভোট পড়েছে মাত্র ১৬ দশমিক ১০ শতাংশ। নির্বাচনে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া পেয়েছেন ৪৪ হাজার ৯১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) আবদুল হামিদ ভাসানী পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট। আর নির্বাচনের আগে ‘নিখোঁজ’ হওয়া স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ পেয়েছেন ৩ হাজার ২৬৯ ভোট। জাকের পার্টির জহিরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৮১৮ ভোট।

সরাইল ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া কয়েকজনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁদের ভাষ্য, সাত্তার ভূঁইয়াকে জেতানোয় এই আসনে আওয়ামী লীগের দলীয় রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাত্তার বয়সের ভারে ন্যুব্জ। সাবেক এই বিএনপি নেতার ছেলে মাঈনুল হাসান বাবার পক্ষে নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন। ছেলেই তাঁকে পরিচালনা করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই আসনে আবার সাত্তার ভূঁইয়া কিংবা তাঁর ছেলেকে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে নামাতে পারে বলে আলোচনা আছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তবে দলীয় সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনি প্রথম আলোকে বলেন, ‘সরাইল ও আশুগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনে রক্তক্ষরণ আছে। দীর্ঘ ৫০ বছর ধরে কেউই এই আসনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারছে না। আমি নিজেও আগামী দিনে এই আসনে প্রার্থী হব। এবার হয়তো আমরা দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। কিন্তু সাধারণ মানুষের মনে কতটুকু প্রভাব বিস্তার করতে পেরেছি, সেটি সময়ই বলে দেবে। আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক আছে। সেটিও আমরা নিতে পারিনি।’

এবারের উপনির্বাচন নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা হতাশ বলে জানিয়েছেন সরাইল উপজেলা আওয়ামী লীগের এক নেতা। না প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, ‘নেতা-কর্মীদের অনেকে সে জন্য ক্ষোভ থেকে ভোট দিতে কেন্দ্রে যাননি। আগামী সংসদ নির্বাচনে এই আসনে দলের প্রার্থী দেওয়া হবে বলে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে আশ্বস্ত করা হয়েছে। সে জন্য দুই উপজেলার বহু নেতা-কর্মী সাত্তার ভূঁইয়ার সমর্থনে মাঠে কাজ করেছেন। বিশেষ একটি কারণে সাত্তার ভূঁইয়াকে এই আসনে জেতানো হয়েছে। কারণটি দলের নেতা-কর্মীরা জানেন। এটি আওয়ামী লীগের জন্য ছিল নিয়মরক্ষার নির্বাচন।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার বলেন, ‘এই নির্বাচনে কোনো প্রতিযোগিতা ছিল না। প্রতিপক্ষ সমান সমান না হলে কোনো নির্বাচনেই উত্তাপ আসে না। রাজনৈতিক কর্মীরাই মাঠে ছিল এবং ভোট দিয়েছে। কারণ, আমরা তাঁকে (সাত্তার ভূঁইয়া) সমর্থন দিয়েছি।’

পাতানো নির্বাচনের অভিযোগ পরাজিত দুই প্রার্থীর

নির্বাচনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন পরাজিত তিন প্রার্থীর মধ্যে দুজন। তাঁরা হলেন জাপার প্রার্থী আবদুল হামিদ ভাসানী ও জাকের পার্টির জহিরুল ইসলাম। আর ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ বলেছেন, তিনি চাপ অনুভব করায় নির্বাচন থেকে সরে গিয়েছিলেন।

জাপার প্রার্থী ও দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুল হামিদ ভাসানী প্রথম আলোকে বলেন, ‘পাতানো নির্বাচন হয়েছে, নির্বাচনের পরেই এটি বুঝতে পেরেছি। এমন নির্বাচন হলে ভবিষ্যতে আর অংশ নেব না। নির্বাচনী এলাকার ১৩২টি কেন্দ্রের সব কটি ভোটকক্ষে আমার এজেন্ট ছিল। কিন্তু বেলা ১১টার পর অধিকাংশ কেন্দ্র থেকে তাঁদের বের করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের ছড়ানো আতঙ্কে ভয়ে আমার কোনো কোনো এজেন্ট চলেও গিয়েছে। সব বিষয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে।’

জাকের পার্টির জহিরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের নেতারা ভোটারদের হতাশ করছেন। তাঁরা ঘরে বসে নেতাগিরি করেছেন। বিএনপির বর্জন আর আওয়ামী লীগের ভুলের কারণে কেন্দ্রে ভোটার কম গিয়েছেন। তাঁদের কারণে আমাদের ভোটাররাও তেমন যাননি।’

ভোটকেন্দ্রের গোপন কক্ষে ভোটারেরা নিজের পছন্দের মার্কায় ভোট দিতে পারেননি বলে অভিযোগ জাকের পার্টির প্রার্থীর। তিনি বলেন, ‘আশুগঞ্জের তল্লা ভোটকেন্দ্রে আমার এক ভোটার আঙুলে ছাপ দেওয়ার পর আওয়ামী লীগের এক কর্মী অন্য মার্কায় ভোট দিয়ে দিয়েছে। ভোটাররা তাঁদের পছন্দের মার্কায় ভোট দিতে না পারায় কেন্দ্রে যায়নি। আমরা ছোট দল বলে জবাব দিতে পারছি না। বিএনপি বা আওয়ামী লীগের মতো বড় দল হলে জবাব দিতাম। এভাবে ভোট হলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না।’