
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘কয়লা-সংকট একটা অপারেশনাল ইস্যু। এটা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, এই সংকট কেটে যাবে। আগামী তিন মাসের মধ্যে দুটি ইউনিট থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি চালু হবে।’
আজ শনিবার বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করে কয়লা-সংকটসহ নানা সুবিধা-অসুবিধার কথা তুলে ধরে বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইদ একরাম উল্লাহ সাংবাদিকদের বলেন, ইন্দোনেশিয়া থেকে কয়লা সরবরাহ হঠাৎ বিঘ্নিত হওয়ায় বন্ধ হয়ে যায় রামপাল কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। ডলার ছাড় করতে কিছুটা সময় লাগার কারণে এই সমস্যার সৃষ্টি হয়। তবে সে সমস্যার সমাধান হওয়ায় নতুন করে কয়লা নিয়ে একটি জাহাজ সেখান থেকে রওনা দিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কয়লাবাহী জাহাজটি রামপাল বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছাবে। তিনি আরও বলেন, এখন থেকে নিয়মিতভাবে কয়লা আসবে। ফলে জুন মাস থেকে আবার কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে রামপাল বিদ্যুৎকেন্দ্র।
গত ১৪ জানুয়ারি ডলার-সংকটের কারণে কয়লা আমদানি না হওয়ায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ডলার-সংকটের কারণে ঋণপত্র (এলসি) খুলতে না পারায় কয়লার আমদানি বন্ধ আছে। এর জেরে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বাণিজ্যিক উৎপাদন শুরুর মাত্র ২৭ দিনের মাথায় কয়লা না থাকায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার প্রথম ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।