ফেনীর ছাগলনাইয়ায় পুকুরপাড়ে খেলছিল একদল শিশু। একপর্যায়ে তাদের বলটি পুকুরে পড়ে যায়। এরপর তা খুঁজতে পুকুরের কচুরিপানা সরাতেই ভেসে ওঠে এক ব্যক্তির মরদেহ।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার আদালত মাঠসংলগ্ন শহীদ মিনারের পাশের একটি সরকারি পুকুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, ছয় থেকে সাত দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে আদালত মাঠসংলগ্ন শহীদ মিনারের পাশে খেলাধুলা করছিল একদল শিশু। এ সময় তাদের বলটি পাশের পুকুরে পড়ে যায়। বলটি উদ্ধারের জন্য পুকুরের কচুরিপানা সরাতেই তারা এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহটি ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, পানিতে থাকায় মরদেহটি পচে ফুলে উঠেছে। ব্যক্তির পরিচয় ও বয়স শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনী কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রাতে পিবিআইয়ের একটি দল ফেনী জেনারেল হাসপাতালে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করে। তবে মরদেহের বিভিন্ন স্থানে পচন ধরায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ওসি বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত এক সপ্তাহে ওই এলাকায় কেউ নিখোঁজ হয়েছেন কি না, তারও খোঁজ নিচ্ছে পুলিশ। পাশাপাশি মরদেহ উদ্ধার হওয়া স্থানের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।