বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী

ভারত শেখ হাসিনার অত্যন্ত প্রশ্রয়ের জায়গা: রিজভী

ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রশ্রয়ের জায়গা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, কথায় আওয়ামী লীগের লোকজন যে স্বাধীনতার চেতনার কথা বলেন, সেটা মূলত তাঁদের লুটপাটের স্বাধীনতা।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় রুহুল কবির রিজভী এ কথা বলেন। রামেক শাখা ছাত্রদল এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘মরহুম শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। কেন? এটা তাদের অত্যন্ত প্রশ্রয়ের জায়গা, আনন্দের জায়গা, তাদের নিরাপত্তার জায়গা। তারা ওইটা মনে করে, নিজের দেশকে মনে করে না।’

রুহুল কবির রিজভী বলেন, ‘কথায় কথায় শেখ হাসিনা, তাদের দলের লোক ও বুদ্ধিজীবীরা স্বাধীনতার চেতনার কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। কিন্তু কার? এটা তাদের লুটপাটের স্বাধীনতা, ব্যাংক লুটের স্বাধীনতা। সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক লুটের স্বাধীনতা। তারা জনগণের কাছে স্বাধীনতার চেতনা ফেরি করত। ...কিন্তু তুই যে স্বাধীনতার কথা বলিস, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলিস, আবার দিল্লির কাছে গিয়ে নিজের মাথা নত করিস, তাহলে চেতনা থাকল কোথায়?’

এ সময় বাংলাদেশ অন্য কারও নির্দেশে নয়, নিজেরাই নিজেদের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি ঠিক করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, ‘হাসিনা নিজেই বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি, তারা কোনো দিন ভুলবে না। আপনি কী দিয়েছেন যে আপনার দেশের জনগণ জানে না, কেউ জানে না। আপনি বাংলাদেশের এমন কী জিনিস দিয়েছেন, যেটা সার্বভৌমত্বের পরিপন্থী হতে পারে, স্বাধীনতার পরীপন্থী হতে পারে। আপনি দেশের এমন জিনিস দেবেন, জনগণ জানবে না; সেটা তো ভয়ংকর একটা বিষয়, সেটা তো বিপজ্জনক বিষয়।’

এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন। তাঁর আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা আমাদের মূল অনুপ্রেরণা। সিপাহি-জনতার বিপ্লবের চেতনা এবং জাতীয়তাবাদী দর্শনেই এ দেশের সাধারণ শিক্ষার্থীরা সব সময় উজ্জীবিত হয়েছে।’

রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহসভাপতি মোফাককারুল ইসলাম, জেলা শাখার সভাপতি ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার তারিক সাবু, ছাত্রদলের কেন্দ্রীয় কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ।