‘বিশ্বাস করেন ভাই, সত্যিই এখন আর সংসার চালাতে পারছি না’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় পরিবার চালাতে দিশাহারা কৃষিশ্রমিক আবদুল হাকিম। আজ শুক্রবার সকালে জামালপুর শহরের ছনকান্দা এলাকায়
ছবি: প্রথম আলো

‘কষ্টে আছি, গরিব মানুষ, জিনিসপত্রের দামও বেশি। ঠিকমতো কামকাইজ পাইলে ডাইল-ভাত খাওন যায়। একদিন কাম না পাইলে, সুদ নিয়া চলতে হয়। কাম না থাকলে পরের দিন সব আন্ধার। পরিবার চালাইতে হিমশিম খাইতাছি। বড় মাছ ও গরুর মাংস এখন শুধুই স্বপ্ন। কবে মাংস কিনছি, মনেও করতে পারি না। ডাইল, আলু আর ভাতই এহন ভরসা। ট্যাহার চিন্তায় ডেইলি চোখে আন্ধার দেখি।’ আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কথাগুলো বলছিলেন কাজ খুঁজতে বের হওয়া জামালপুর পৌর শহরের বানিয়াবাজার এলাকার মাটি টানার শ্রমিক মোশারফ হোসেন (৪৩)।

মোশারফের বাড়ি পার্শ্ববর্তী জেলা শেরপুরে। প্রায় ১৫ বছর ধরে প্রতিদিন ভোরে জামালপুর শহরের বিভিন্ন জায়গায় তিনি মাটি টানার শ্রমিক হিসেবে কাজ করেন। দুই সন্তান, মা, স্ত্রীসহ পাঁচ সদস্যের সংসার। পুরো সংসার তাঁকে একাই চালাতে হয়। প্রতিদিন কাজ পেলে তাঁর আয় হয় ৪০০ থেকে ৫০০ টাকা। তা দিয়েই চলে পুরো সংসার।

মোশারফ জানান, প্রতি মাসে গড়ে ১০ হাজার টাকা আয় করেন। প্রতিদিন কাজ পান না। অনেক দিন খালি হাতে বাড়ি ফেরেন। সেদিন পরিবারের সদস্যদের মুখে ডাল-ভাতও জোটে না। টাকার অভাবে অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারেননি। সব মিলিয়ে পরিবারের যাবতীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। একদিকে স্বল্প আয়, অন্যদিকে কয়েক মাসের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বাড়ায় দিশাহারা হয়ে পড়ছেন তিনি। অভাব সামাল দিতে প্রতিদিন ভোরে কাঁধে কোদাল ও টুকরি নিয়ে জামালপুর শহরে ঘুরে বেড়ান।

হাড়ভাঙা খেটে ৪০০ টাকা কামাই করি। বাজারে গেলে চাইল, ডাইল, আলু আর বাগুন কিনতেই শেষ। আমগর মতো গরিব মানুষ কেমনে চলবে।
কৃষিশ্রমিক আবদুল হাকিম

মোশারফের মতো সকাল আটটার দিকে শহরের ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদের চরের দিকে ছুটছিলেন আবদুল হাকিম (৫০)। তিনি কৃষিকাজ করেন। চরে যাচ্ছেন, কেউ যদি তাঁকে কাজ দেন। আবদুল হাকিম বলেন, ‘চাইল-ডাইলসহ সবকিছুর দামে আগুন। হাড়ভাঙা খেটে ৪০০ টাকা কামাই করি। বাজারে গেলে চাইল, ডাইল, আলু আর বাগুন কিনতেই শেষ। আমগর মতো গরিব মানুষ কেমনে চলবে। পাঁচজনের সংসার। বাজারে আগুন আর এই কামাই দিয়ে কেমনে চলি বলেন। গরিব মানুষ কোনোরকমে আলু আর ভাতে আছি।’

মোশারফ জানান, প্রায় দিনই তাঁর পরিবারের সদস্যরা তিন বেলা খেতে পারেন না। সে জন্য তাঁর স্ত্রী হেনা বেগমও একটি কাজ নিয়েছেন। অন্যের কাঁথা সেলাই করেন। তারপরও আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায়, কিছু টাকা ঋণ আছে তাঁদের।

সকাল সাড়ে আটটার দিকে শরিফপুর এলাকায় কথা হয় ইজিবাইকের চালক হাবিবুর রহমানের (৫৫) সঙ্গে। কিছু টাকা বেশি আয়ের জন্য আগে আগে বের হন তিনি। সাত সদস্যের সংসার তাঁর। ইজিবাইকের আয়ে পুরো সংসার চলে। কয়েক মাসের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক দফা বাড়ায় চোখে অন্ধকার দেখছেন তিনি।

হাবিবুর বলেন, ‘বিশ্বাস করেন ভাই, সত্যিই এখন আর সংসার চালাতে পারছি না। সারা দিন ইজিবাইক চালিয়ে যখন বাজারে যাই, তখন চোখে পানি চলে আসে। সারা দিনে সর্বোচ্চ ৬০০ থেকে ৭০০ টাকা ইনকাম করা যায়। তার মধ্যে ১৭০ টাকা ইজিবাইকের চার্জ হিসেবে দিতে হয়। সারা দিন রাস্তায় থাকলে, আরও কিছু খরচ আছে। দিন শেষে ৪৫০ টাকা হাতে থাকে। এই টাকা নিয়ে বাজারে যেতে ভয় পাই। শাকসবজি কিনতেই ২০০ টাকা চলে যায়। বাকি টাকায় কীভাবে চাল ও ডাল কিনব। আর পারছি না।’

আজ সকাল সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত জামালপুর শহরের বিভিন্ন শ্রেণি-পেশার ১০ জনের সঙ্গে কথা হয় প্রথম আলোর এই প্রতিনিধির। তাঁরা সবাই দ্রব্যমূল্য বেড়ে যাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, ব্যয়ের সঙ্গে আয়ের সামঞ্জস্য না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গত কয়েক মাসের ব্যবধানে গ্যাস, ভোজ্যতেল, চাল, ডাল, মাছ, মাংস, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় অনেকের সংসারে অভাব লেগেই আছে। অনেকেই আবার ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। সবচেয়ে কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষেরা।